ব্রাজিলে ফিরলেন স্কলারি

২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের বিশ্বকাপে ভরাডুবির পর প্রথমবারের মত নিজ দেশ ব্রাজিলে ফিরলেন কোচ লুই ফিলিপ স্কলারি। দীর্ঘদিন পর আবারো দেশটির পেশাদার লিগের ক্লাব পালমিরেসের কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।

২০১৪ বিশ্বকাপে বেলো হরিজন্তে দু:সহ এক অধ্যায় দেখেছে ব্রাজিলের ফুটবল প্রেমীরা। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারের লজ্জায় ডুবে বিদায় নেয় সেলেসাওরা। এরপরই বরখাস্ত হন স্কলারি।

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। কিন্তু দলের এমন বাজে হারের পর তাকে বরখাস্ত করে দেশটির ফুটবল ফেডারেশন। বরখাস্ত হয়ে কিছুদিন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের কোচের দায়িত্বে ছিলেন স্কলারি।

এরপর অনেকদিন ধরেই বেকার ছিলেন তিনি। অবশেষে পালমিরেস কর্তৃপক্ষ তাকে দ্বিতীয়বারের মত কোচের দায়িত্ব দিলো। এর আগে ২০১২ সালেও এ ক্লাবটির কোচের পদে ছিলেন স্কলারি। ব্রাজিল ছাড়াও ইংলিশ ক্লাব চেলসিরও কোচের দায়িত্বে ছিলেন ব্রাজিলের প্রথম সারির এই কোচ।