সিলেট সিক্সার্সের হয়ে ষষ্ঠ বিপিএলে ছয়টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু নেপালের নামকরা স্পিনার সন্দীপ লামিসানে খুব একটা সুবিধা করতে পারেননি। ছয় ম্যাচে ১৩৬ রান খরচায় লামিসানে পেয়েছেন মাত্র চারটি উইকেট। অর্থাৎ প্রতি উইকেটের জন্য খরচ তাকে খরচ করতে হয়েছে ৩৪ রান! বিপিএলের ব্যাটসম্যানদের সামনে নতজানু লামিসানে বিগ ব্যাশে গিয়ে জ্বলে উঠলেন।
জাতীয় দল নেপালের হয়ে খেলতে বিপিএলের মাঝপথ থেকেই ফিরে গেছেন। নেপালের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে চলে গেছেন বিগ ব্যাশ খেলতে। গিয়েই বল হাতে জাদু দেখালেন লামিসানে।
মেলবোর্ন স্টার্সের হয়ে নিজের কোটার চার ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন লামিসানে। তার বিধ্বংসী বোলিংয়ের কারণে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। শেষ পর্যন্ত ম্যাচটা ৯৪ রানে জিতেছে মেলবোর্ন স্টার্স।
বিগ ব্যাশের ৫৬ নম্বর ম্যাচে প্রথমে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল মেলবোর্ন। দলটির হয়ে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ৪৩ বলে ৪টি চার আর ৬টি ছয়ে ৮২ রান করেন।
