ঈদ-উল-আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘বেপরোয়া’ সিনেমার গানের শুটিং হবার কথা ছিল ব্যাংককে। কিন্তু এবার জানা গেল ব্যাংকক নয় এই সিনেমার গানের শুটিং হবে কক্সবাজারে।
গতকাল শুটিং-এর জন্য ঢাকা ছেড়েছেন সিনেমাটির নায়ক-নায়িকা রোশান-ববি। ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ।
জানা গেছে, কক্সবাজারে শুধু গানেরই শুটিং হবে। সেখান থেকে ‘বেপরোয়া’ টিম যাবে কলকাতা। সেখানে আরেকটি গানের শুটিং শেষে সিনামেটি জমা পড়বে সম্পাদনার টেবিলে। দ্রুত সম্পাদনা শেষে সেন্সরের আবেদন করবে ‘বেপরোয়া’।
রোশান ও ববি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকারসহ অনেকে।
