ব্যবসায়ীর পর এবার ইঞ্জিনিয়ারকে বিয়ে করলেন সারিকা

প্রথম সংসার ভাঙার পাঁচ বছর পর ফের বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। তার স্বামীর নাম বি আহমেদ রাহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান।

সারিকা ও রাহীর বিয়ে হয়েছে গত ২ ফেব্রুয়ারি। তবে মঙ্গলবার সে খবর প্রকাশ করেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তার এবং রাহীর বিয়ে সম্পন্ন হয়েছে।

নতুন সংসার সাজানোর খবর দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন সারিকা। অভিনেত্রীর কথায়, ‘যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারাজীবন যেন তা বজায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কাজে ফিরছি।’

সারিকা আবার ঘর বাঁধতে চলেছে- এমন গুঞ্জন বহু আগে থেকেই শোনা যাচ্ছিল। তিনি যে কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন, বাতাসে ভাসছিল এমন গুঞ্জনও। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে বিয়েটা করেই ফেরলেন।

এর আগে ২০১৪ সালের আগস্টে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন সারিকা। অভিনেত্রীর প্রথম স্বামীর নাম মাহিম করিম। সেটিও ছিল প্রেমের বিয়ে। সংসার জীবনের এক বছরের মাথায় অভিনেত্রীর কোলজুড়ে আসে এক কন্যাসন্তান। কিন্তু টেকেনি সে সংসার। ২০১৬ সালে মাহিমের সঙ্গে বিচ্ছেদ ঘটান ছোট পর্দার এই তারকা।

সারিকার শোবিজ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে। এরপর মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। পরবর্তীতে ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে শুরু করেন অভিনয় জীবন।