বোরখার আড়ালে- প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা স্বামীর! হাতে নাতে ধরা পড়ে এলাকাবাসীদের কাছে ওই স্বামীর কপালে জুটল গণধোলাই। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। একেবারে ফিল্মি কায়দায় বোরখা পরে বোবা সাজেন স্বামী। এরপর সাবেক স্ত্রীকে অপহরণের চেষ্টা করেন ওই স্বামী। এ ঘটনায় ধরা পড়ে গ্রামবাসীদের কাছে স্বামীর কপালে জুটল বেধড়ক মারধর।
ভারতের বীরভূমের সিউড়ি থানার ইটাগরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটকও করেছে পুলিশ।
জানা গেছে, দুই বছর আগে বীরভূমের সাঁইথিয়া থানার মাটপলসা গ্রামের বাসিন্দা রেজিয়া বিবির সঙ্গে পার্শ্ববর্তী আলুন্দা গ্রামের বাসিন্দা আব্দুল্লার বিয়ে হয়। আব্দুল্লা বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেয়।
স্বামীর জঘন্য এ কাজের প্রতিবাদ করে স্ত্রী। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটি সভা করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়। এরপর থেকে তাদের মধ্যে কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রেজিয়া সিউড়ি আসার উদ্দেশ্যে মাটপলসা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এমন সময় একটি মারুতি গাড়ি তাকে লিফট দেয়া নাম করে গাড়িতে তোলে। তখন গাড়ির ভিতরে চালক ও বোরখা পড়ে বোবা নারী সেজে বসেছিল সাবেক স্বামী আব্দুল্লা।
গাড়িতে বোরখা পরা এক বোবা নারীকে দেখে রেজিয়া নিজেকে সুরক্ষিত বোধ করে। গাড়িতে চড়ে তিনি বুঝতেও পারেনি ওই বোবা নারী আসলে তার প্রাক্তন স্বামী।
বোরখার আড়ালে সাবেক স্ত্রীর সঙ্গে একি কাণ্ড স্বামীর!
গাড়ি কিছুটা রাস্তা যাওয়ার পরে বোরখার আড়ালে লুকিয়ে থাকা আব্দুল্লা নিজের আসল রূপ দেখায়। গাড়ির ভেতরেই রিজিয়াকে বেধড়ক মারধর করতে শুরু করে আব্দুল্লা। এবং রেজিয়ার গলা টিপে রাখা হয় যাতে তিনি কোনোভাবেই চিৎকার করতে না পারে।
কিন্তু, তার আর্তনাদ স্থানীয় গ্রামবাসীরা শুনতে পায়। এরপরই গ্রামবাসীরা গাড়িটির পিছনে ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে। এরপর রেজিয়ার মুখে পুরো ঘটনাটি শোনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা আব্দুল্লাকে বেধড়ক মারধর করতে শুরু করে।
এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ ক্ষিপ্ত গ্রামবাসীর হাত থেকে আব্দুল্লাকে উদ্ধার করে। তারপর সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়।
গ্রামবাসীদের দাবি, পুরনো আক্রোশের জেরেই আব্দুল্লা শুক্রবার তাকে অপহরণ করার চেষ্টা করে। যদিও গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে।
এ বিষয়ে রেজিয়ার এক আত্মীয় শেখ শাহজাহান জানান, দুই বছর আগে রেজিয়া-আব্দুল্লার বিয়ে হয়েছিল। কিন্তু, আব্দুল্লা অশ্লীল আচরণের জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
শুক্রবার তাকে লিফট দেয়ার নাম করে পরিকল্পিতভাবে অপহরণ করার চেষ্টা করে আব্দুল্লা। তবে, গ্রামবাসীরা ধরে ফেলায় অপহরণ হওয়া থেকে রক্ষা পায় রেজিয়া। এ সময় তিনি আব্দুল্লার উপযুক্ত শাস্তির দাবিও জানান।
