জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুর দেখা মিলবে নতুন মিউজিক ভিডিওতে। নাম ‘মিছে মায়া’। ঈদকে সামনে রেখে দর্শক শ্রোতাদের জন্য তিনি তার নতুন মিউজিক ভিডিওটি নিয়ে আসছেন।
গানের কথা লিখেছেন সোহেল মাসুদ। অভি আকাশের সুরে গানটির সংগীত পরিচালনা করেন মন।
গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু গো নিউজকে বলেন, “স্বল্প জীবনে আমরা দুনিয়ার মায়ায় নিজেদের জড়িয়ে রাখি। কিন্তু বেলা শেষে কেউ কারো নয়, শুধু এক মায়ার খেলা। আশা করি গানটি সবার ভালো লাগবে।”
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। ফজলুর রহমান বাবু ছাড়াও ভিডিওটিতে আরো অভিনয় করেছেন আলিফ, রেশমি ও প্রীতি।
আগামী ৭ জুন রেইন মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
