বিয়ের স্থান নির্বাচন করলেন রণবীর-দীপিকা

গত বছর ডিসেম্বরে ইতালিতে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার রাজকীয় বিয়ে দেখেছিলেন সকলে। ফের নাকি ইতালিতে বিয়ে করতে চলেছেন এক বলি নায়িকা।

শোনা যাচ্ছে, বিরুষ্কার মতোই নাকি ইতালিকেই নিজেদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেছে নিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

বিরুষ্কা বিয়ে করেছিলেন ইতালির তাস্কানিতে। এবার দীপিকা-রণবীর নাকি ইতালির লেক কোমোতে বিয়ের আয়োজন করছেন বলে জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে।

কিন্তু বিয়েটা কবে? শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরের প্রথমেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। আরও একটা স্বপ্নের বিয়ের সাক্ষী থাকবে গোটা বলিউড।

নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বহু ইঙ্গিত দিয়েছেন রণবীর-দীপিকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বহুবার। কিন্তু বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারা।

তবে হায়দরাবাদে গিয়ে দীপিকার গয়না কেনা বা দীপিকার পরিবারের সঙ্গে রণবীরের সময় কাটানো দেখে বলি মহলের একটা বড় অংশের ধারণা, চলতি বছরেই শুভ কাজ সেরে ফেলবেন এই জুটি।