বিয়ের দাওয়াত রইল

ঈদুল আজহা উপলক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইলো’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ।

টেলিফিল্মে দুটি গান ব্যবহার করা হয়েছে। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া।

এতে কনের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। মজার ব্যাপার হল একজন পাত্রিকে তিন জন পাত্র পছন্দ করেছেন। এর মধ্যে একজন মোশাররফ করিম।

রেদওয়ান রনি বলেন, ‘বিয়েকে কেন্দ্র করে টেলিফিল্মটির কাহিনি গড়ে উঠেছে। বিয়ের দাওয়াত মানেই পাড়া পড়শীর ঘুম হারাম করা তুমুল উৎসব। এই উৎসবে উত্তেজনা তৈরি হয় যখন এক পাত্রীকে বিয়ের জন্য তিন-তিনজন বর যায় শেরওয়ানি কিনতে। কিন্তু কোন পাত্রকে কবুল বলবে পাত্রী আর কারা শুধু সানাইয়ের সুর শুনেই হৃদয়ে পাথর বেঁধে দেখবেন কনে যাত্রা? এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটির গল্প।’

বেরসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে ৩১ আগস্ট রাত ১১টায়। এছাড়া বাংলালিংক গ্রাহকরাও একই সময়ে টেলিফিল্মটি দেখতে পাবেন বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।