
সবকিছু পাকাপাকিই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক চুক্তি। শুক্রবার সেটাও করে ফেলল রিয়াল মাদ্রিদ। নতুন নেইমার খ্যাত ভিনিচিয়াস জুনিয়রকে ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে স্প্যানিশ ক্লাবটি। অবশ্য ভিনিচিয়াসকে কেনার জন্য এক বছর আগে থেকেই কথাবার্তা ঠিক করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। গতকাল ভিনিচিয়াসের সঙ্গে যে চুক্তিটা করেছে রিয়াল তাতে নতুন একটা রেকর্ডও হলো। ১৯ বছরের কম বয়সী কোনো ফুটবলারের এর চেয়ে বেশি অংকের চুক্তির নজির নেই।
স্বদেশি ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ভিনিচিয়াস। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে ৩৭টি লিগ ম্যাচে সাতটি গোল করেছেন তিনি। এছাড়া কোপা লিবার্তাদোরেসের হয়ে ১১টি ম্যাচে ছয় গোল করার পাশাপাশি তিনটিতে অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড।
তবে ভিনিচিয়াসের ওপর রিয়ালের চোখ পড়েছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে। যুবাদের ওই আসরে দর্শকদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও দ্যুতি ছড়িয়েছিলেন ব্রাজিলিয়ান এই উঠতি তারকা। এমন একজন ফুটবলারকে দলে টানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
বিশ্বের অন্যতম সেরা ক্লাবে নাম লেখাতে পেরে খুশি হয়েছেন ভিনিচিয়াসও। শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে চুক্তি শেষে তিনি বলেছেন, ‘আমি খুব খুশি। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদে আসতে পেরে আমি গর্বিত।’
