বিশ্বসেরা কোহলি

২০১৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথ। দীর্ঘ ৩২ মাস পর তাকে হটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টপ ওয়ানে উঠে এসেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

রোববার (৫ আগস্ট) আইসিসির সর্বশেষ হালনাগাদে দেখা যায়, ৯৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক টেস্টে প্রথমস্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক কোহলি। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে এজবাস্টন টেস্ট শুরু করেছিলেন তিনি। তবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান তোলায় আগের রেটিংয়ের সঙ্গে যোগ হয়েছে আরো ৩১ পয়েন্ট। আর তাতেই স্টিভেন স্মিথকে ছড়িয়ে গেছেন তিনি।

শচীন টেন্ডুলকারের পর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠলেন কোহলি। টেন্ডুলকার ২০১১ সালের জুনে শেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন। এছাড়া এ কীর্তি গড়েছেন রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাস্কার, বীরন্দ্রর শেবাগ ও দীলিপ ভেঙ্গসারকার।

এজবাস্টনে ইংল্যান্ডের নায়ক স্যাম কুরানের র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে। ব্যাট হাতে ২৪ ও ৬৩ রান করেন কুরান। বল হাতে ৯২ রানে নেন ৫ উইকেট। অসাধারণ নৈপূণ্যে ব্যাটিংয়ে ১৫২ থেকে ৭২তম স্থানে এসেছেন। আর বোলিংয়ে ৬২ থেকে লাফ দিয়ে এসেছেন ৪৯তম স্থানে। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৫৮ থেকে চলে এসেছেন ৩৭তম স্থানে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে কোহলি ও স্মিথের মধ্যে শুধু জায়গা অদল-বদল হয়েছে। এছাড়া শীর্ষ ১০ এ কোনো পরিবর্তন নেই। বোলিং এবং অলারাউন্ডার র‌্যাঙ্কিংয়েও তাই। বোলিংয়ে জেমস অ্যান্ডারসন এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান শীর্ষে রয়েছেন।