বিশ্বকাপ জেতার পরই তাকে বিয়ে করব!

সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ আগামী ১৭ জুন। তার আগেই নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়রের চাপ অনেকটা বাড়িয়ে দিলেন বান্ধবী ব্রুনা মাহকুইজিনি!

ব্রাজিলীয় তারকার বান্ধবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নেইমারের হাতে বিশ্বকাপ উঠলেই বিয়ে সেরে ফেলবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুনা বলেছেন, ‘নেইমারের হাতে এবার বিশ্বকাপ উঠলেই বিয়েটা সেরে ফেলব।’ কিন্তু এমনই এক অনুরোধ কি ব্রাজিলীয় তারকাকে কিছুটা মানসিক চাপে রাখবে না? ব্রুনা আদৌ তা মনে করছেন না। তিনি বলেছেন, ‘ওর মানসিক দৃঢ়তা কতটা, সেটা আমার চেয়ে ভাল আর কেউ জানেন না। এবার নেইমার বিশ্বকাপ জেতার জন্য মরিয়া।’

সেখানেই না থেমে ব্রুনা আরো বলেছেন, ‘এবারের ব্রাজিল দল অনেক বেশি পরিণত এবং শক্তিশালী। আমাদের দেশই রাশিয়া থেকে এবার বিশ্বকাপ নিয়ে ফিরবে।’ আরো যোগ করেছেন, ‘আপাতত আমি ডেটিংটা দারুণ উপভোগ করছি। নেমারের সঙ্গে সময় কাটানোর মধ্যে যে রোম্যান্টিকতা রয়েছে, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। ওর মতো সরল, নিষ্পাপ মানুষ দ্বিতীয় কেউ নেই। ওই আমার জীবনের সেরা পুরুষ।’

মাঠে এবং মাঠের বাইরে নেইমারকে মানসিক শক্তি জোগাতে তিনি ব্রাজিলের জনপ্রিয় সিরিয়াল ‘গড সেভ দ্য কিং’র অভিনয় থেকেও সরে এসেছেন। ব্রুনা বলেছেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আক্ষেপ বা দুঃখ নেই। এই মুহূর্তে নেইমারের পাশে থাকা অনেক বেশি প্রয়োজনীয়। ও তরতাজা থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তাছাড়া ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হলে দেশের মানুষ আনন্দে মেতে উঠবেন। তাদের মুখে হাসি ফোটাতে আমিও যে দায়বদ্ধ।’