বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দলের নাম জানালেন রাজ্জাক

সম্প্রতি এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ দলের হয়ে দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার। বিশ্বকাপের মঞ্চে ভারতের মতো শক্তিশালী যে দলকে বাংলাদেশ হারিয়েছিলো ২০০৭ সালে, সেই দলের সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। সেই ম্যাচে তার স্পিনেই আউট হয়েছিলেন শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং। এবারের বিশ্বকাপেও আছেন রাজ্জাক। তবে খেলোয়াড় হিসেবে নয়, বিশ্বকাপে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। আইসিসির হয়ে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে ঘুরবেন, ক্রিকেট সেমিনারে অংশ নেবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে ‘লড়বেন’মাঠের বাইরের অন্য এক লড়াইয়ে।

তিনি বলেন, দেখুন বিশ্বকাপের মতো আসরে কোন দল ভালো করবে, কোন দল করবে না- সেই বিষয়ে সত্যিকার অর্থেই আগাম কিছু বলা কঠিন। তবে আমি নিশ্চিত এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফর্ম করবে। বাংলাদেশকে এই বিশ্বকাপে খাটো করে দেখার কিছু নেই। তারা ভালো খেলবে।

বাংলাদশ দলের বড় শক্তি হলো পঞ্চপান্ডব-মুশফিক, সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। লম্বা সময় ধরে এই পাঁচ সিনিয়র একসঙ্গে খেলছে। দলের নতুন এবং তরুণ খেলোয়াড়দের কাছ থেকেও কিভাবে সেরা খেলাটা বের করে নিয়ে আসা যায়-সেই দক্ষতাও বেশ ভালো দেখাচ্ছেন এই পাঁচ সিনিয়র। এই পাঁচের অভিজ্ঞতা আমাদের অনেক বড় সম্পদ। বিশ্বকাপের মঞ্চে আরেকবার নিজেদের মেলে ধরতে প্রস্তুত এই পাঁচ সিনিয়র ক্রিকেটার।

ইংল্যান্ডকে আমরা ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপে হারিয়েছি। তবে এবারের বিশ্বকাপের প্রায় সবকিছুই ইংল্যান্ডের পক্ষে আছে। নিজ মাঠে খেলা। পরিচিত কন্ডিশন। ফর্মও তাদের বেশ ভালো। টুর্নামেন্টেও তারা ফেভারিট। ইংল্যান্ডকে যদি এবারো বাংলাদেশ হারাতে পারে তবে সেটা হবে আমাদের সবচেয়ে বড় জয়।

আমি সেই উৎসবের অপেক্ষায়!