বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন কখন শুরু হবে

আর কিছুদিন পরেই ইংল্যান্ড বিশ্বকাপ। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বসছে ক্রিকেটের এ জমজমাট আসর। আসর শুরুর আগে প্রতিটি দল খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ, যথারীতি বাংলাদেশও। আর সেই দুটি প্রস্তুতি ম্যাচের একটি টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।

সেই সুযোগ হয়েছে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে বলে। সাধারণত প্রস্তুতি ম্যাচ অফিসিয়াল ব্রডকাস্টাররা সম্প্রচার করে না।তবে ভারতের ম্যাচ হলে ভারতভিত্তিক স্পোর্টস টেলিভিশন ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক নিজেদের উদ্যোগে সম্প্রচার করবে। অর্থাৎ, ভারত যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেগুলো দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ মে। দুটি ম্যাচই কার্ডিফে অনুষ্ঠিত হবে। ম্যাচ ২টি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাকবে পাকিস্তান, পরের ম্যাচে ভারত। তাই ২৮ মে ভারতের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচটি দর্শকরা দেখতে পারবেন টিভি পর্দায়।

যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি টিভি পর্দায় দেখা যাবে কি না তা এখনো নিশ্চিত নয়। কেননা স্টার স্পোর্টস কেবল ভারতের প্রস্তুতি ম্যাচ দুটি সরাসরি সম্প্রচারের কথাই জানিয়েছে।বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ জুন। ওভালের ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ থাকবে দক্ষিণ আফ্রিকা। শেষ চারের লড়াই শুরু হওয়ার আগে ৫ জুলাই নিজেদের শেষ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসের দ্য ওভালে।