মাহি-তিথির বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। বিয়ের পর ঘুরতে যান নেপালে। বিভিন্ন সুন্দর সুন্দর এলাকা ঘুরে ঘুরে তাদের সময় ভালোই কাটছিল। হঠাৎ ফারহান নামে একজন এসে সামনে দাঁড়ায়। ফারহান তিথির পুরনো প্রেমিক। তিথি তখন কি করবে ভেবে পায় না। কারণ তার স্বামী যদি বিষয়টি জানে তাহলে সে সমস্যায় পড়তে পারে।
উপায় না পেয়ে ফারহানকে সে এড়িয়ে চলতে চায়। ফারহানও নাছোড়বান্দা। সে তিথিকে অনুসরণ করে তার হোটেল পর্যন্ত পৌঁছে যায়। ফারহান চায় তিথি যেন তার সাথে বাইরে যেন দেখা করে, তা না হলে সে মাহিকে সব ঘটনা বলে দেবে। বাধ্য হয়ে তিথি একদিন দেখা করে ফারহানের সাথে। ঘটে যায় ভিন্ন এক ঘটনা।
এমন গল্প নিয়ে দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’। আগামীকাল শুক্রবার আরটিভিতে রাত ৮ টায় প্রচারিত হবে নেপালে চিত্রায়িত এ নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ.এস নাঈম, অপর্না ঘোষ, মনোজ কুমার, আহসান আলমগীর। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান এবং রচনা করেছেন আহসান আলমগীর।
