বিরাটের সেঞ্চুরির পর অনুশকার উচ্ছ্বাস !

ইংল্যান্ডের মাটিতে আগের ১০ ইনিংসে যেখানে বিরাট কোহলির রান ১৩৪ গড় ১৩.৪০। সেখানে এজবাস্টন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বিরাট খেলেন এক দুর্দান্ত ইনিংস। তার ১৪৯ রানে ভর করে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারত। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে একাই এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় কোহলি।

কোহলির বীরোচিত ইনিংস প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে যখন ইশান্ত শর্মা আউট হয় তখন কোহলি ছিল শতরান থেকে ৩ ধাপ দূরে। ইংল্যান্ডের টিম টোটাল থেকে ভারত ৭০ রান পিছিয়ে।

সেই ব্যবধানটা বিরাট কমিয়ে আনেন মাত্র ১৩ রানে। উমেশ যাদব ও বিরাটের ৫৭ রানের জুটির মধ্য বিরাট একাই ৫২ রান যোগ করেন। আর যখন ভারতীয় ইনিংসের দশম উইকেটের পতন হয়, তখন তার স্কোর ১৪৯। এজবাস্টনে যে অবিশ্বাসনীয় ইনিংস খেললেন ভারতীয় দলনায়ক, তা বহুদিন মনে রাখবেন ক্রিকেট অনুরাগীরা। বিরাট যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, সেই সময় গোটা স্টেডিয়ামবাসী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে বরণ করে নেন। সেই সময় তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সঙ্গে আনন্দের হাসি। কোহলিও তার ২২তম টেস্ট শতরানটি তার সঙ্গীনিকে উৎসর্গ করেছেন।