বিপিএল শুরুর আগেই নতুন বিপদে পড়লো কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে আগামী ২১ জানুয়ারি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ জানুয়ারি। তবে এই ম্যাচে লিটন দাসের অংশগ্রহণ অনিশ্চিত।

বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্র। নিউজিল্যান্ড সফর শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা মাত্র দেশে ফিরেছেন। অনেক আগেই বোর্ড থেকে দলগুলোর প্রতি নির্দেশনা ছিল- জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম চাইলে তা যেন মঞ্জুর করা হয়।

কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, বিশ্রামের কারণেই প্রথম ম্যাচে লিটনের না খেলার সম্ভাবনা রয়েছে। যদিও দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চাননি।

তিনি বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লিটনের সাথে আমার এখনও দেখা হয়নি। কথা হোক, তারপর সিদ্ধান্ত নিব।’

সালাউদ্দিন অবশ্য টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে। তিনি বলেন, ‘যারা বিসিএল, এনসিএলে খেলেছে তারা যথেষ্ট ম্যাচ খেলেছে। তাদের বিশ্রামও জরুরী।

এই টুর্নামেন্টও এক মাসের। এতগুলো ম্যাচ খেলার ক্ষেত্রে ইঞ্জুরির ব্যাপারটি মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ড সফরে যারা ছিল, বায়োবাবলে থাকতে থাকতে তাদেরও মানসিক স্বস্তি দরকার। এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি।’

অনানুষ্ঠানিকভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রস্তুতি শুরু করে দিলেও ক্রিকেটাররা তাই আগামী কিছু দিন ছুটি কাটাতে পারবেন, জানান প্রধান কোচ সালাউদ্দিন।

তার ভাষায়, ‘স্থানীয় ক্রিকেটাররা ২-১ দিন ছুটি নিতে পারে। আমিও চাই না তাদের জোর করে আনতে। তাদেরও পরিবার আছে, অনেক দিন ধরে তারা পরিবারের বাইরে। পরিবারকে সময় দেওয়া উচিৎ। পুরো টুর্নামেন্টে যেন ফ্রেশ থাকতে পারে এজন্য তাদের বিশ্রাম দেওয়া উচিৎ।’

উল্লেখ্য, ২২ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স।