বিপিএল মাতানো দুবাইয়ের শ্রমিক ডাক পেলেন তামিমের দলে

পেসার সালাউদ্দিন শাকিলের গল্পটি দেশের ক্রিকেটে যারা টুকিটাকি খবর রাখেন তাদের কাছে অজানা নয়। এক দশক আগে নিজের রুজির জন্য দুবাইয়ে কঠোর পরিশ্রম করা এই মানুষটির জীবন পাল্টে দিয়েছে ক্রিকেট।

বল হাতে ঘরোয়া লিগ, বিপিএল মাতিয়ে এবার ডাক পেয়েছেন বঙ্গবন্ধু টি-২০ কাপে। ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ রাহীর চোটে দলে জায়গা হয়েছে আরেক পেসার সালাউদ্দিন শাকিলের।

গত মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর ও ফরচুন বরিশালের ম্যাচে ৯ম ওভারের দ্বিতীয় ডেলিভারির জন্য দৌঁড় শুরু করেন রাহী তবে বল আর ডেলিভারি দেয়া হয়নি, তার আগেই লুটিয়ে পড়েন মাটিতে।

এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ফরচুন বরিশাল থেকে জানানো হয় রাহী ছোট গুরুতর না হলেও এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।

গতকাল বুধবার ফরচুন বরিশালের ফিজিও জয় বিশ্বাসের দেওয়া তথ্যমতে রাহির বাম পায়ের পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ হয়েছে বলে মনে হয়েছে। তাই এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না। মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

এদিকে রাহীর বদলে পেসার সালাউদ্দিন শাকিলকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্ট।

২০০৬ সালে শাকিলের এএসসি পরীক্ষা ছিল। মুন্সিগঞ্জে বেড়ে ওঠা তরুণের সেই পরীক্ষা দেয়া হয়নি। পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেন।

কিন্তু সেখানে তপ্ত রোদে তাকে দেওয়া হয় স্টিলের কাজ। ঢালাইয়ের কাজ জানলেও স্টিলের কাজ পাওয়াতে সেটাই করতে হয় তাকে৷ কিন্তু জীবর দূর্বিসহ হয়ে উঠে তার। প্রার্থনা করতে থাকেন নিজের মুক্তির।

শাকিলের মুক্তি মেলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। বাধ্য হয়ে তার প্রতিষ্ঠান চার বছর বাদে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে আর বিদেশে যাননি। প্রবাসে থাকার সময়ে কখনো ব্যাট-বল হাতে না নেয়া শাকিল বাড়ি ফিরে শৈশবের মতো টুকটাক টেপ-টেনিস খেলতে শুরু করেন।

তখন ২০১২ সাল। এক বন্ধু শাকিলকে নিয়ে কোচ গোলাম রসুলের কাছে যান। নারায়ণগঞ্জে তিনি একটি অনুশীলন ক্যাম্প করছিলেন। কয়েক মাস বাদে তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলা শুরু করেন শাকিল। পরের মৌসুমে দ্বিতীয় বিভাগে সুযোগ পান।

এ ব্যাপারে শাকিলের জানিয়েছিলেন, ‘মনে আছে ২০১৪ সালে একটি ক্লাবে ট্রায়াল দিতে গেলে সবাই হাসছিল। আমার

কিছুই ছিল না। বন্ধু মেহরাব হোসেন জোশি একজোড়া বুট দিয়েছিল বল-ব্যাট করার জন্য। সে সবাইকে বলে আগে নেটে আমার খেলা দেখতে, তারপর বিচার করতে। ভাগ্য ভালো আমি ভালো করেছিলাম।’