আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যবর্তী কোনো সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ইতোমধ্যে বিপিএলের এবারের আসরের ৬ দল চূড়ান্ত হয়েছে। ফ্রাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে। এদিকে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আইকন হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
এছাড়া বেশ কয়েকজন বিদেশি তারকাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। এরই ধারাবাহিকতায় ভারতের দুই বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং ও যুবরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ করছে তারা। চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাতে আগ্রহ প্রকাশ করেছেন হরভজন।
অন্যদিকে যুবরাজের সঙ্গে যোগাযোগ করছে চট্টগ্রাম। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির সিইও সৈয়দ ইয়াসির আলম। তিনি বলেন, আমাদের আলাপ-আলোচনা চলছে। সে-ও বিপিএলে খেলতে আগ্রহী। সে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিতে নেই। এখন আইপিএলও নেই। দেখা যাক বাকিটা কিভাবে কি করা যায়।
তিনি আরও বলেন, যুবরাজ সিংও দেশের বাইরে খেলছেন। আমরা চিন্তা করেছি ওর সাথে কথা বলবো। সে অনেক বড় তারকা। ব্যাটে-বলে মেলানো যায় কিনা দেখি। ভারতীয় ক্রিকেটের বোর্ডের নিয়ম অনুযায়ী, দেশের কোনো ক্রিকেটার বা সাবেক ক্রিকেটার দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবে না। তবে বিসিসিআই চাইলে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বিশেষ অনুমতি দিয়ে থাকে।
