বিপিএলে শীর্ষ উইকেট শিকারির তালিকায় টাইগারদের দাপট

চলছে বিপিএলের ষষ্ঠ আসর। ইতোমধ্যে শেষ হয়েছে আটটি ম্যাচ। প্রথম পর্বের এ ম্যাচগুলো শেষে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় রাজত্ব স্থানীয় বোলারদের।

বাংলাদেশের কন্ডিশনে স্পিনাররা বরাবর বাড়তি সুবিধা পেলেও, এবার স্পিনারদের সাথে সমান পাল্লা দিয়ে লড়ছে পেসাররাও। এবারের বিপিএল আসরে এখনো অবধি সর্বাধিক উইকেট সংগ্রাহকের তকমাটিও রয়েছে পেসারদের দখলে।

১. ঢাকা পর্বের আট ম্যাচ শেষে সর্বাধিক ৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি বোলার মাশরাফি বিন মুর্তজা ও রবি ফ্রাইলিঙ্ক। রংপুর রাইডার্সের অধিনায়ক ৩ ম্যাচ থেকে উইকেটগুলো নিজের ঝুলিতে জমা করলেও, তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ৭ উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার ফ্রাইলিঙ্ক। এক ইনিংসে দুজনেরই সর্বোচ্চ শিকারের সংখ্যা ৪টি।

২. তালিকার দ্বিতীয় অবস্থানেও রয়েছেন একজন পেসার। ৩ ম্যাচ থেকে ৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলারদের দুই নম্বর অবস্থানে রয়েছেন শফিউল ইসলাম। ওভারপ্রতি ৮.৬৯ হারে রান দিয়ে প্রতি ৯.৮ বলে আঘাত হেনে উইকেটগুলো শিকার করেছেন রংপুরের এ পেসার।

৩. তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন তিনজন বোলার। যার মধ্যে দুজন স্পিনার ও একজন পেসার। তিনজনের দখলেই রয়েছে ৪টি করে উইকেট। সাকিব আল হাসান, নাজমুল ইসলাম অপুর সাথে এ অবস্থানে নিজেকে তুলে এনেছেন পেসার তাসকিন আহমেদ। সাকিব ও তাসকিন দুই ম্যাচ থেকে উইকেটগুলো শিকার করলেও তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন অপু।

৪. আসরে এখনো পর্যন্ত ৩টি করে উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারি বোলারদের চতুর্থ অবস্থানে রয়েছেন মোট সাতজন বোলার। যার মধ্যে তিনজন স্পিনার ও চারজন পেসার। এ অবস্থানে থাকা বোলাররা হচ্ছেন- পল স্টার্লিং, ইসুরু উদানা, রুবেল হোসেন, নাঈম হাসান, মোহর শেখ, আরাফাত সানি ও ফরহাদ রেজা।

৫. নিজেদের নামের পাশে ২টি করে উইকেট জমা করে এ তালিকায় রয়েছেন মোট ১৬জন বোলার।সূত্র: স্পোর্টসনিউস টোয়েন্টিফোর