বিপিএলে এসে মুগ্ধ হেলস, হয়েছে স্মৃতি, পেয়েছেন বন্ধু

বিপিএলের শুরুতে জ্বলে উঠতে না পারলেও চট্টগ্রাম পর্ব থেকেই নিজেকে ফিরে পেতে শুরু করছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। নিরাপত্তার দোহাই দিয়ে যেই হেসল বাংলাদেশেই আসতে চাননি সেই কিনা এখন বিপিএলে খেলতে এসে নিজেকে ভাগ্যবান মনে করছে। খেলার মান, স্থানীয় ক্রিকেটারদের ব্যবহার সকল কিছুই মুগ্ধ করছে তাকে।

শুধু মুগ্ধতাই শেষ নয়। সেই ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে এই চট্টগ্রামের মাটিতে সেঞ্চুরির পর আবারো সেই চট্ট্রগ্রামের মাটিতে সেঞ্চুরি পাওয়াকে স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দিতে চাইছেন।

সোমবার দেশের প্রথম সারির এক গনমাধ্যমে সাক্ষাতকারে এসব কথা জানান ইংলিশ তারকা। সেখানেই বিপিএল নিয়ে বলেছেন বহু কথা।

প্রশ্ন: ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এবার বিপিএলেও চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০০ করলেন। এটাকে নিশ্চয়ই এখন সৌভাগ্যের মাঠ বলবেন?

হেলস: হ্যাঁ, আমার খুব ভালো ভালো স্মৃতি তৈরি হয়ে গেল এখানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচই আমরা এখানে খেলেছিলাম। বিপিএলে এসেও অপেক্ষায় ছিলাম কখন চট্টগ্রামে আসব। এই উইকেটে, বিশেষ করে ফ্লাডলাইটে এখানে ব্যাটিং করাটা সব সময়ই আনন্দের। আশা করি, সামনের দুটি ম্যাচেও ভালো করব।

প্রশ্ন: বিপিএলের কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে?

হেলস: খেলার মান, মানটাই আগে। এখানকার খেলার মান আমাকে আসলেই মুগ্ধ করেছে। স্থানীয় ক্রিকেটাররা অসাধারণ, সঙ্গে বড় বড় বিদেশি ক্রিকেটারও আছে। ওয়েস্ট ইন্ডিজের তো প্রায় সবাইকেই দেখছি! তারা সবাই বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে পড়ে। আমার জন্য নতুন মানুষের সঙ্গে মেশা এবং ক্রিকেটে নতুন বন্ধু খুঁজে নেওয়ার একটা জায়গা হয়ে গেল এটা।