বিপিএলে আজ মাঠে নামছে যে ৪ দল

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের (২৬ জানুয়ারি) ম্যাচে মাঠে নামছে খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পয়েন্ট টেবিলে খুলনা ও সিলেট দুই দলেরই অবস্থান তলানিতে। নয়টি করে ম্যাচ খেলে তিন ম্যাচ জেতা সিলেট রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে, অন্যদিকে সপ্তম স্থানে থাকা খুলনা জয় পেয়েছে দুটি ম্যাচে। আসরে দুই দলের আগের মোকাবেলায় ২১ রানের জয় পেয়েছিল খুলনা টাইটান্স।

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ছয়টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে নয়টি ম্যাচ খেলে রাজশাহী কিংস জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচে। দুই দলের আগের দেখায় রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল চিটাগং ভাইকিংস।