‘বিদেশের মাটিতে লোকসংগীত গাইতে গর্ববোধ করি’

দীর্ঘদিন ধরে নিয়মিত গান করে চলেছেন লোকসংগীত শিল্পী শাহনাজ বেলী। এই সময়টায় ফোক গান নিয়ে শ্রোতাদের সামনে বার বার হাজির হয়েছেন। অন্যরকম একটি অবস্থান তৈরি করেছেন লোকসংগীতে। ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গানও উপহার দিয়েছেন। তবে এতটা দীর্ঘ পথচলার পরও থেমে নেই শাহনাজ বেলী। দেশ বিদেশে লোকসংগীত নিয়ে হাজির হচ্ছেন নিয়মিত।
গেলো ঈদটি গানে গানে কাটিয়েছেন এ শিল্পী। বেশ কয়েকটি চ্যানেলে লাইভ গান পরিবেশন করেছন। এর বাইরে নতুন গানের কাজও চলছে তার। বর্তমানে শাহনাজ বেলী রয়েছেন কানাডায়। সেখানে শো করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকেই কথা বলেছেন মানবজমিনের সঙ্গে। কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? এমন প্রশ্নের জবাবে শাহনাজ বেলী বলেন, খুব ভালো কাটছে। ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে। এখন কানাডায় রয়েছি। সেখানেতো শো করেছেন? শাহনাজ বেলী বলেন, ১লা জুলাই কানাডা ডে ছিলো। এদিন সময় মেলা নামক কনসার্টে গান পরিবেশন করেছি। নিজের দেশের ফোক গান বিদেশের মাটিতে গাইতে খুব ভালো লাগে। কারণ এখানে প্রবাসী দর্শক রয়েছে অনেক। সব মিলিয়ে যেন এক টুকরো বাংলাদেশ। সেই এক টুকরো বাংলাদেশে শেকড়ের সংগীত পরিবেশন করতে দারুণ ভালো লাগে। আবেগী হয়ে যাই। এখানকার শ্রোতা-দর্শকদের মধ্যেও আবেগ দেখতে পাই। সব মিলিয়ে এবারের কানাডার কনসার্টটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর বাইরে বিভিন্ন স্থানে ঘুরেও বেড়াচ্ছি। নতুন গানের কি খবর? শাহনাজ বেলী বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এ কারণে দেশে শো কম আয়োজন হচ্ছে। তাই এ সময়টাকে কাজে লাগাতে চাই। নতুন গানে মনোযোগী হবো। কারণ, অনেক দিন ধরেই আমার নতুন গান কিংবা অ্যালবাম নেই মার্কেটে। শ্রোতারাও এ বিষয়ে জিজ্ঞেস করেন বার বার। জানতে চান কবে নতুন গান প্রকাশ হবে। শ্রোতাদের জন্য গান রেকর্ডিংয়ে যাবো দ্রুতই। শাহনাজ বেলী আরও বলেন, রাধারমনের গান নিয়ে একটি অ্যালবাম করছি। সেটার কাজ অনেক খানি হয়েছে। সামনেও হবে। এর বাইরে লালনের গান নিয়েও অ্যালবাম করার পরিকল্পনা রয়েছে। আর মৌলিক নতুন গানও করবো। সব মিলিয়ে যতটা পারি নতুন গান করে ফেলবো এই সময়টায়। কিন্তু এতদিন ধরে নতুন গান না করার কারণটা কি ছিল? শাহনাজ বেলী উত্তরে বলেন, প্রথমত অডিও ইন্ডাস্ট্রির অবস্থা ভালো ছিল না। এখনও মোটামুটি। আর অ্যালবামতো কেউ করছেই না। সবাই সিঙ্গেল করছে। আগের মতো জমকালো অবস্থাটাও নেই। তাই একটা বড় গ্যাপ পড়ে গেছে। তবে নতুন গান নিয়মিত করার ইচ্ছে রয়েছে। এই সময়ে লোকসংগীতের অবস্থা কেমন বলে মনে হচ্ছে? শাহনাজ বেলী বলেন, লোকসংগীতের অবস্থা আমার দৃষ্টিতে সব সময়ই ভালো। কারণ, সারা বিশ্বে এর কদর রয়েছে। আর বাংলা লোকসংগীত বিশ্বব্যাপি সুপরিচিত। আমি ব্যাক্তিগতভাবে বিদেশের মাটিতে লোকসংগীত গাইতে গর্ববোধ করি। তবে এর প্রচারণা আরও বাড়াতে হবে। আর একটি কথা বলতে চাই। সেটা কি? এখন স্টেজে বেশিরভাগ শিল্পীকে অন্যের গান গাইতে দেখা যায়। অন্যের গান গেয়ে দীর্ঘ সময় টিকে থাকা যায় না। তাই মৌলিক গানের প্রতি জোর দিতে হবে। এ বিষয়ে তরুণ প্রজন্মকে আরও সচেতন হতে হবে।