বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের তান্ডবে সব রেকর্ড ওলটপালট

বিগ ব্যাশে মেলবোর্নের স্টার্সের হয়ে তান্ডব চালিয়েছেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি তার দিনে কতটা ভয়ানক হতে পারেন সেটা আবারো দেখল ক্রিকেট দুনিয়া। বুধবার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে খেলতে নেমে চার-ছক্কার ঝড় তুলেন মাঠে। মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ম্যাক্সওয়েল ২২ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরী (৫৩)। এরপর ৬৪ বলে খেলেন অপরাজিত ১৫৪ রানের ইনিংস। যা বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ম্যাক্সওয়েলের তান্ডবীয় এই ইনিংসে ছিল ২২টি চার ও ৪টি ছক্কা। তান্ডবীয় এই ইনিংসে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৭৩ রান তোলে মেলবোর্ন স্টার্স। বিগ ব্যাশে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে এই ম্যাচ দিয়ে। এতদিন বিগ ব্যাশের ইতিহাসে সিডনি থান্ডার্সের করা ২৩২ রান ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এখন সেটি দাঁড়িয়েছে ২৭৩ রানে।

ম্যাক্সওয়েলের সঙ্গে তান্ডব চালান মার্কাস স্টয়নিসও।তিনি অপারজিত থেকে ৩১ বলে ৭৫ রান করেন। স্টার্স ব্যাটারদের সামনে অসহায় হতে হয়েছে হোবার্টের বোলারদের। নেপালের লেগ স্পিনার স্বন্দীপ লামিচানে ৪ ওভারে দেন ৫২ রান, কোনো উইকেট পাননি। এছাড়া ২ ওভারে ৪০ রান দেন জশ কান।