বাবাকে ভয় পান রণবীর কাপুর

বাবাকে তো সব ছেলেই কমবেশি ভয় পায়। বাবার মুখে মুখে কথা বলার সাহসও অনেক ছেলেরই হয় না। আর এর ব্যতিক্রম নন সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত নায়ক রণবীর কাপুর। সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর।

গণমাধ্যম মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাবা ঋষি কাপুরের মুখোমুখি হতে তাঁর ভয় লাগে। ইচ্ছা হলেও অপ্রিয় কোনো কথা তাঁকে সরাসারি বলতে পারেন না। তাই এ রকম প্রয়োজনে মা নিতু কাপুরই তাঁর ভরসা। বাবাকে যা বলতে চান সেটা মাকে বলেই দায়িত্ব সারেন কাপুর পরিবারের বর্তমান প্রজন্ম।

বাবাকে সব কথা বলতে না পারলেও তাঁর বেশ কিছু আচরণ মেনে নিতে পারেন না রণবীর। কিছু দিন আগে ঘটেছিল তেমনই একটা ঘটনা। রণবীর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘জগ্গা জাসুস’ মুক্তি পেতে দেরি হচ্ছিল। বলিপাড়ায় শোনা যাচ্ছিল নানা কথা। সেই বিতর্ককে অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন বাবা ঋষি। সংবাদ মাধ্যমের মারফত জানা গিয়েছিরল, তিনি সরাসরি পরিচালক অনুরাগ বসুকে আক্রমণ করেছেন। ছবি মুক্তি পেতে দেরি হওয়ার দায়ও বলিউডের অন্যতম সফল বাঙালি পরিচালকের কাঁধেই চাপিয়েছিলেন ঋষি।

সেই ঘটনা মেনে নিতে পারেননি রণবীর। মায়ের মাধ্যমে সেই বার্তা সঠিক জায়গায় পাঠিয়েছেন তিনি। আর মিড ডে’কে বললেন, তখন দাদার (অনুরাগ) কথা ভেবে খারাপ লেগেছিল। কিন্ত বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার হয়নি কোনোদিনই। বাবাকেও নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়।

এর আগে একবার তিনি বলেছিলেন বাবা কখনও আমার কাজের প্রশংসা করেন না।

এরই মাঝে মে মাসে একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। নিতু নিজেই সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে অনেকদিন আগে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিতু তাঁর ছেলের ব্যাপারে কথা বলছেন। পাশে আছেন ঋষিও। এখন ছেলে যা বলছেন, মা-ও সে দিন প্রায় একই কথা বলেছিলেন।