বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে অর্ধ মাসের বেশি সময় আগে। গত ৫ ফেব্রুয়ারি নতুন কমিটির শপথ অনুষ্ঠানও হয়েছে। তবে সেখানে শুধু শপথ নেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ী সদস্যরা। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ীদের কেউই।
তবে একটু দেরিতে হলেও বুধবার সন্ধ্যায় এফডিসিতে হাজির হয়ে শপথ নিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে টানা তৃতীয়বার জয় পাওয়া অভিনেত্রী অঞ্জনা। তাকে শপথ পড়ান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। এরপর জ্যেষ্ঠ এই নায়িকাকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নিপুণ আক্তার।
এখন প্রশ্ন হলো, মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা তো শপথ নিয়ে ফেললেন, অন্যরা কী করবেন? তারাও আসবেন শপথ নিতে? যদি না আসেন তাহলে কী হবে? এই সমস্ত প্রশ্নের জবাবই বুধবার সন্ধ্যায় দিয়ে দিয়েছেন সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত একসময়ের সুপারহিট এই নায়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যারা এখনও শপথ নেননি, আমরা তাদের সবাইকে ডাকব। অনুরোধ করব তারা যেন শপথ নিয়ে আমাদের সঙ্গে কাজ করেন। আমরা সবাই একটি পরিবার হয়ে একসঙ্গে কাজ করতে চাই। তাই আমি আশা করব, অঞ্জনার মতো বাকিরাও খুব শিগগির শপথ নেবেন।’
এর পরই অভিনেতা হুঁশিয়ারি দিয়ে জানান, ‘এক সপ্তাহের মধ্যে আমরা কার্যনির্বাহী পরিষদের মিটিং ডাকব। এরপর কয়েক দিন পর পরই আমরা এভাবে একসঙ্গে বসব, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। সুনির্দিষ্ট কারণ উল্লেখ ছাড়া যদি কেউ পরপর তিন মিটিংয়ে হাজির না থাকেন, তবে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার পদ বাতিল করা হবে।’
কিন্তু ইলিয়াস কাঞ্চনের আহ্বানে কি সাড়া দেবেন মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী বাকি সদস্যরা? তারা কি শপথ নেবেন?
শিল্পী সমিতির এবারের নির্বাচনে এই প্যানেল থেকে মোট ১১ জন প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান, সহসভাপতি দুটি পদে রুবেল ও ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী জয় পেয়েছেন। অন্যদিকে, কার্যনির্বাহী সম্পাদক পদে জিতেছেন- অঞ্জনা, অরুণা, রোজিনা, মৌসুমী, সূচরিতা, আলীরাজ ও চুন্নু।
এর মধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড, যা এখন আদালতে বিচারাধীন। অন্যদিকে, কার্যনির্বাহী পদ থেকে এরই মধ্যে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা। অঞ্জনা নিলেন শপথ। বাকিরা কী করেন, সেটাই দেখার।
