বাংলাদেশের সংগীত ইতিহাসে অনন্য এক রেকর্ডই গড়েছেন আরমান আলিফ। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায় ‘অপরাধী’ শিরোনামের গানটি। প্রথম বাংলা গান হিসেবে ইউটিউবে ১৫ কোটি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করেছে এ গান।
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক ভিডিও স্টেশনে গানটির ভিডিও আপলোড করা হয়। এর পর থেকেই ভাইরাল। প্রথম ১৪ দিনেই পেয়ে যায় কোটি ভিউয়ার। এরপর দিন যত গড়িয়েছে ততই ছড়িয়েছে।
রাতারাতি তারকা বনে যাওয়া এ কণ্ঠশিল্পী নতুন গান নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন। তার এবারের গান ‘নেশা’। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি গত ২০ আগষ্ট। মুক্তির তিন সপ্তাহ যেতে না যেতেই গানটি দেখা হয়েছে প্রায় দেড় কোটি বার। অপরাধীর মতো এ গানটিও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন দর্শকদের। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন আরমান আলিফ।
আরমান আলিফের একটি গানের দল আছে। ‘চন্দ্রবিন্দু বিডি’ নামের সেই গানের দল থেকে প্রাথমিক সংস্করণ হিসেবে ‘নেশা’ গানটি প্রকাশিত হয়। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
