সাম্প্রতিক সময়ে দেশীয় বিনোদন মাধ্যমে যে কটি সিরিজ নাটক তুমুল আলোচিত-সমালোচিত হয়েছে তার মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ অন্যতম। শুরু থেকেই অনলাইনে দাপিয়ে বেড়ানো সিরিজটির সিজন-৩ দর্শকদের টানটান উত্তেজনায় রেখে ৭৯ পর্বে এসে শেষ হয়েছে।
অনলাইন ভিউয়ের শীর্ষে থাকা এ সিরিজকে ‘বাঙালির রুচির দুর্ভিক্ষের ব্যারোমিটার’ বলে আখ্যা দিয়েছেন মুক্তধারার চিত্র পরিচালক শাহাদাত রাসএল। শুক্রবার (১৬ এপ্রিল) চার্লি চ্যাপলিনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা মূলক এক ফেসবুক পোষ্টে তিনি এ মন্তব্য করেন।
আলোচিত এ চিত্র পরিচালক তার ফেসবুক পোষ্টে বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্টের একটা পর্বের কিছু অংশ আমি দেখেছিলাম। ব্যক্তি হিসেবে আমার ভীষণ পছন্দের ছোটভাই পলাশ এখানে কাবিলা চরিত্রে অভিনয় করেছে বলে। আমার মনে হয়েছে যে ‘ভাদাইম্মার সাত বউ’ এবং হিরো আলমের ভিডিওর চাইতে ব্যাচেলর পয়েন্ট টেকনিক্যালি আধুনিক ও রিচ। ব্যাস এটাই একমাত্র তফাৎ পেয়েছি। স্ক্রিপ্ট ও ফিলোসফিটা একই। আমার কাছে ব্যাচেলর পয়েন্ট হচ্ছে বাঙালির রুচির যে দুর্ভিক্ষ চলছে তার ব্যারোমিটার।’’
ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমি’র একটি বক্তব্যকে কোড করে শাহাদাত রাসএর বলেন, ‘‘অবশ্য নির্মাতা অমি বলেছে যে ‘যারা ব্যাচেলার পয়েন্ট কে ভাঁড়ামি বলে তারা কমেডিই বোঝেনা।’ হ্যা আমি চার্লি চ্যাপলিন থেকে সারাজীবন একশন শিখেছি কেবল। ক্ষমা করবেন চার্লি চ্যাপলিন; অথর্ব উনমানুষের দেশে জন্মেছি বলেই আজকে আপনার জন্মদিনে এটা নিয়ে লিখতে হলো। শুভ জন্মদিন মায়াস্ত্রো।’’
এর আগে, শাহাদাত রাসএল নির্মিত মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালার অফ চাইল্ডহুড’ দেশ-বিদেশে ব্যপক প্রশংশিত ও পুরষ্কৃত হয়েছে। এই নির্মাতার প্রায় সবগুলো চলচ্চিত্রই আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরষ্কারে পুরষ্কৃত হয়।
