‘বাঘি-থ্রি’ সিনেমায় অক্ষয়?

বলিউডের আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাঘি। চলতি বছর মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি বাঘি-টু। এ সিনেমা মুক্তির আগেই বাঘি-থ্রি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা।

ইতোমধ্যে বাঘি-থ্রি সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন পরিচালক আহমেদ খান। শোনা যাচ্ছে, এ সিনেমায় খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে।

বাঘি-টু সিনেমার সাফল্যের পর এ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমাটি অনেক বড় পরিসরে তৈরি করতে চাইছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমাটির বাজেট ধরা হচ্ছে একশ কোটি রুপি। যেন এটি তিনশ কোটি রুপি আয় করতে পারে। আর সিনেমায় আরো অ্যাকশন যোগ করতে টাইগার শ্রফের সঙ্গে অক্ষয় কুমারকেও নিতে চাইছেন নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অক্ষয় কুমার ও টাইগার শ্রফ দুজনই মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতা। বাঘি-থ্রি সিনেমায় একসঙ্গে হাজির হলে তা হবে দর্শকদের জন্য একটি বাড়তি পাওয়া। পাশাপাশি ব্যবসায়ীকভাবে লাভবান হলে এটি বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বাঘি মুক্তি পায় ২০১৬ সালে। এরপর এই বছর মুক্তি পায় সিক্যুয়েল বাঘি-টু। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালক আহমেদ খান। এতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়া আরো অভিনয় করেছেন রণদীপ হুদা, দীপক দব্রিয়াল, মনোজ বাজপায়ী প্রমুখ। মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায় সিনেমাটি।