বাগদানের প্রায় দু’বছর, তবু বিয়ের চিন্তা নেই ফারিয়ার

ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। যিনি এপার-ওপার দুই বাংলার সিনেমার কাজ নিয়েই সমান ব্যস্ত। পাশাপাশি বিভিন্ন শো, নিজের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের ব্যস্ততা তো আছেই। সে কারণেই প্রায় দুই বছর আগে বাগদান সারলেও বিয়ের কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর মাথায়।

গত বছরের অক্টোবরে একটি ফ্যাশন হাউজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা ফারিয়াই জানিয়েছিলেন। বলেছিলেন, ‘করোনা মহামারির কারণে দুই বছরের মতো পিছিয়ে গেছি। তাই আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। দ্যাটস ক্লিয়ার। সবকিছু গুছিয়ে নিতে সময় লাগে। সে সময়টা আমার হাতে নেই। তাই আপাতত বিয়ে করছি না।’

তবে চর্চা থামেনি। নতুন বছর আসতে ফের আলোচনায় ফারিয়ার বিয়ে। মিডিয়াপাড়ায় ফিসফাস, তিনি কবে বিয়ে করবেন? অপেক্ষায় সবাই। কিন্তু এবারও হতাশ করলেন নায়িকা। নতুন বছরের প্রথম দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানালেন, এ বছরও বিয়ের পরিকল্পনা নেই। যদিও হবু স্বামীকে নিয়ে এরই মধ্যে বিদেশ ঘুরে এসেছে নায়িকা।

২০২০ সালের ১ মার্চ দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল সারেন অভিনেত্রী কাম গায়িকা নুসরাত ফারিয়া। রনি একটি টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে। প্রায় আট বছর ধরে ফারিয়ার সঙ্গে তার চেনাজানা।

রেডিও জকি ও উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও তার পরিচিতি রয়েছে। বর্তমানে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।