বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ক্রিকেটবিশ্বে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল।
রথী মহারথীরাও অভিনন্দন জানাচ্ছেন সাকিব-মাশরাফিদের। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও বিভিন্ন মন্তব্য করছেন টাইগারদের নিয়ে।
সেই তালিকা থেকে বাদ যাননি জনপ্রিয় ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেটের ভক্ত প্রখ্যাত এই ধারাভাষ্যকার।
টাইগারদের জয়ের পর এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে সন্তোষজনক পারফরম্যান্স। ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে এবং খুব ভালোভাবে এগিয়ে নিয়েছে তারা। তবে দক্ষিণ আফ্রিকাকে আরও অনেক কাজ করতে হবে। বোলিংটা খুবই সাদামাটা মনে হয়েছে। মিডলঅর্ডারেও নির্ভরযোগ্য একজন প্রয়োজন তাদের।’
টাইগারদের প্রশংসা করলেও একটি চিন্তার কারণ অবশ্য তুলে ধরেছেন এই ধারাভাষ্যকার। তার মতে মাশরাফি নেতৃত্বহীন এই বাংলাদেশ দল সমস্যায় পড়বে ২০২৩ সালে।
হার্শার মতে, ২০২৩ বিশ্বকাপে মাশরাফির ছায়া পাবে না বাংলাদেশ। কেবল মাশরাফিই নয়, তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহরাও তাদের ক্যারিয়ার আরও চার বছর পর্যন্ত টেনে নিবে কিনা তারও নিশ্চয়তা নেই। যদি এমনটাই হয় তাহলে নি:সন্দেহে ২০২৩ বিশ্বকাপে কিছুটা হলেও সমস্যা পড়বে তারুণ্যর মিশ্রণে তৈরি বাংলাদেশ দল।
