দুই বছর পর সেই ইংল্যান্ডের মাটিতে আবার অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ। এবার বিশ্বকাপের আসর। আবারও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে মাশরাফি বাহিনীর সামনে।
এখন অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সে সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে যাবে বাংলাদেশের।
শুনতে হয়তো খারাপ লাগতে পারে। হয়ত শিষ্টাচার বহির্ভূত সংলাপও হবে। কেউ কেউ হয়ত বলবেন, ‘এটা আবার কেমন কথা?
তারপরও চরম সত্য হলো বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে যদি বৃষ্টির সাহায্য নিয়ে এক পয়েন্টও পায়, সেটা হবে আশির্বাদ। অনেক বড় পাওয়া।’
কারণ, সাধারণ হিসেবে অসিদের হারানো অসম্ভব নয়। বাংলাদেশ এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই অসিদের হারানো যাবে না, কিংবা মাশরাফি-সাকিবরা তা পারবেন না- এমন বলাও ঠিক না। তবে কাজটা খুব কঠিন।
কারণ দক্ষিণ আফ্রিকা অবিন্যস্ত। এবার যেন খাপছাড়া একটি দল। আর ওয়েস্ট ইন্ডিজের সাজানো গোছানো, ধারালো, বৈচিত্র্যও বেশি। তাই খেলে অজিদের সাথে পেড়ে ওঠা কঠিন। তাই যদি বৃষ্টিতে এক পয়েন্টও আসে অ্যাকাউন্টে, সেটাও বিশেষ সহায়ক উপাদান হিসেবে কাজ করবে। তখন আফগানিস্তান, পাকিস্তান আর ভারতকে হারাতে পারলে হয়ত সেরা চারে জায়গা হয়ে যাবে টাইগারদের। অস্ট্রেলিয়ার সাথে এক পয়েন্ট পেলে সংগ্রহ দাঁড়াবে ৬ খেলায় ৬ পয়েন্ট।
আর শেষ তিন ম্যাচে যথাক্রমে আফগানিস্তান, পাকিস্তান আর ভারতের বিপক্ষে জিতলে পয়েন্ট দাড়াবে ১২। তাতে করে সেমিতে খেলার যথেষ্ঠ সম্ভাবনা থাকবে। কাজেই সোজা-সাপটা কথা, অখেলোয়াড়োচিত মনোভাব তথা ‘আনস্পোর্টিং’ আচরণ, নেতিবাচক চিন্তা ও ক্রিকেটীয় শিষ্টাচারের বাইরের চিন্তা-ভাবনা এবং কথা বার্তা হলেও চরম সত্য যে, কাল অস্ট্রেলিয়ার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির আনুকুল্য চাইতে পারে বাংলাদেশ।
বলার অপেক্ষা রাখে না, শ্রীলঙ্কার সাথে ব্রিস্টলে এই বৃষ্টির কারণে সম্ভাব্য জয় হয়েছে হতাছাড়া। সেই ম্যাচ জিতলে সংগ্রহে আরও এক পয়েন্ট যোগ হতো। তখন কিছুটা হলেও অবস্থা ও অবস্থান দুই’ই ভাল থাকতো। এখন প্রশ্ন হলো, বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবিসিসহ নটিংহ্যামের সবকটি আবহাওয়া পূর্বাভাস ঘেঁটে দেখা গেছে, আজকের মত কালও নটিংহ্যামের আকাশে মেঘ থাকবে। তবে একদম মেঘের ঘনঘটা থাকার সম্ভাবনা কম। সারা দিনে ভারী ও টানা বৃষ্টির সম্ভাবনার কথা বলা নেই। ব্রিস্টলের মত ৮০-৯০ ভাগ বৃষ্টির পূর্বাভাস নেই।
পূর্ভাবাসে বৃষ্টির কথা বলা যে নেই, তাও নয়। আছে। ৩০ % বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ আছে আবহাওয়া রিপোর্টে। তার মানে বৃষ্টি হয়ত ম্যাচ পন্ড করার মত করে হানা দেবে না । তবে ছোটখাট হলেও একটা হুমকি আছে। এখন শেষ মুহূর্তে ওই হুমকির মাত্রা বেড়ে গেলে ভিন্ন কথা। না হয় অতি নাটকীয় পরিবর্তন না ঘটলে ব্রিস্টলের মত নটিংহ্যামের ট্রেন্টব্রিজেও বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটারা সম্ভাবনা কম।
