বাংলাদেশের বিপক্ষে নামার আগেই দল থেকে ছিটকে গেল ভারতীয় তারকা

ইনজুরি যেন স্থায়ীভাবেই জায়গা করে নিয়েছে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। কিছুদিন আগেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ওপেনার শিখর ধাওয়ান।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাঁহাতি এই ওপেনার। পরের ম্যাচেই ইনজুরিতে পড়েন দলটির অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ভুবনেশ্বর। এই ইনজুরিতে ২.৪ ওভার বল করেই মাঠ ছাড়তে হয় ডানহাতি এই পেসারকে। ওই ম্যাচে ভুবনেশ্বরের পরিবর্তে বল হাতে তুলে নেন বিজয় শঙ্কর। সেই বিজয় শঙ্করও অবশ্য চোটে পড়েছেন। অনুশীলন চলাকালীন চোট পান ডানহাতি এই অলরাউন্ডার।

আঙুলে পাওয়া ওই চোট কাটিয়ে উইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিজয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আবারও অনুশীলনে জসপ্রিত বুমরাহ’র বলে আঙুলে আঘাত পান তিনি। যার জেরে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে ছিলেন ভারতীয় এই অলরাউন্ডার।

২ জুলাই, মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারত। তার আগে দুঃসংবাদই পেল যেন ভারতীয় শিবির। অনুশীলনে পাওয়া ওই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বিজয় শঙ্কর। দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। তার জায়গায় ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন কর্ণাটকের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘অনুশীলনে আবারও জসপ্রিত বুমরাহ ইয়র্কারে আঙুলে আঘাত পেয়েছেন বিজয়। তার অবস্থা ভালো না। এই টুর্নামেন্টের বাকি অংশ খেলাও সম্ভব নয়। দেশে ফিরে যাচ্ছেন তিনি। তার জায়গায় ডাক পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।’