বাংলাদেশের ফিল্ডিংয়ের প্রশংসায় জহির খান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ে অন্যতম বড় ভূমিকা পালন করেছে সৌম্য-লিটনদের মাঠে অসাধারণ ফিল্ডিং পারদর্শিতা।

সোমবার টনটনে ক্যারবীয়দের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সবচেয়ে বেশি আলো কেড়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস।

এ দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে রীতিমতো উড়ে গেছে ক্যারবীয় বোলিং লাইনআপ। তাদের সঙ্গে বল হাতে আলো ছড়িয়েছেন মোস্তাফিজ, সাইফউদ্দিনরা।

টাইগারদের নজরকাড়া এমন পারফরম্যান্সের পিছনে আলাদা করে প্রশংসা কুড়িয়েছে তাদের অসাধারণ কিছু ফিল্ডিং।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে মাঠে দূর্দান্ত ছিলেন সৌম্য-তামিমরা। যা আলাদা করে নজর কেড়েছে সাবেক ভারতীয় পেস বোলার জহির খানেরও।

ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে জহির খান বলেন, বাংলাদেশের ফিল্ডিং ছিল এক কথায় অসাধারণ। তারা ত্রিশ গজের ভিতরেও দূর্দান্ত কিছু সেভ করছে। বাউন্ডারি লাইনেও বেশ কিছু চার রান আটকে দিয়েছে। প্রত্যেকে মাঠে প্রত্যেকের ব্যাকআপ হিসেবে কাজ করেছে। পুরোপুরি এনার্জেটিক ও প্রানবন্ত ক্রিকেট উপহার দিয়েছে।

আমি মনে করি দুই দলের মধ্যে এখানেই সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়েছে। বাংলাদেশের সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে, উইন্ডিজের বেলায় যা কোনোঅংশেই হয়নি।