বাংলাদেশের জয়ে যা বললেন শেবাগ

একটা সময় সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে বসতেন বীরেন্দর শেবাগ। খেলোয়াড়ি জীবনে তো বটেই, অবসর নেওয়ার পরও তার সেই চর্চা থামেনি। তবে সেই শেবাগই এবার করেছেন বাংলাদেশের প্রশংসা। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশও বাঁচতে পারে না শেবাগের সমালোচনা থেকে। সেই শেবাগ টাইগারদের দক্ষিণ আফ্রিকা বধ দেখে টুইটারে লিখেছেন প্রশংসাসূচক বাক্য।

শেবাগ উল্লেখ করেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বেশ ভালো খেলেছ। জয়টা তোমাদের প্রাপ্য ছিল।’

রবিবার (২ জুন) আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমেও টাইগাররা জড়ো করে ৩৩০ রানের বিশাল পূঁজি। জবাবে ব্যাট করতে নেমে ৩০৯ রানেই থামে প্রোটিয়াদের ইনিংস। এতে টাইগাররা পায় ২১ রানের জয়।

এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে টুইট করেছেন পাকিস্তানের কিংবদন্তী সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সাবেক এই গতি তারকা দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুর আগেই বাংলাদেশের ব্যাটিং শৈলীর প্রশংসা করেন। বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন, এটিও পরিস্কার করেছেন টুইট বার্তায়।

শোয়েব উল্লেখ করেন, ‘কী নিখাদ পারফরম্যান্স প্রদর্শন করল বাংলাদেশ। দেখা যাক বোলাররা ৩৩০ রান দিয়ে কীভাবে জয় ছিনিয়ে আনেন।’