চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন জেসন রয়। সিলেট সিক্সার্সের জার্সিতে বিপিএল মাতাচ্ছেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সিলেটের হয়ে ইতোমধ্যে দুই ম্যাচে মাঠে নেমেছেন ডানহাতি এই ইংলিশ ব্যাটসম্যান। ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশি ডাবেও মজেছেন তিনি।
চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রাজশাহী কিংস। রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জেসন রয়। অনুশীলন শেষে ক্লান্তি দূর করতে ডাবের পানি পান করতে বসে যান তিনি।
২৯ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন জেসন রয়। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, লাল রংয়ের একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন তিনি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং সেশন শেষে প্যাড না খুলেই ডাব নিয়ে বসে যান জেসন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালো সেশন পার করেছি। সর্বদা নারকেলের জন্য সময়।’
গেল ২৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিলেট। রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে তিন দিনের বিরতি পায় দলটি। এই বিরতিতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন লিটন-সাব্বির-তাসকিনরা।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলেছে সিলেট। ১০ ম্যাচের মধ্যে চারটিতে জয়ের স্বাদ পেয়েছে তারা। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে অলোক কাপালির দল।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
