বাঁচা-মরার ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচে দাপটের সাথে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ বোলিং তোপে শোচনীয় পরাজয় বরণ করে সফরকারী ভারত। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ নির্ধারক। নটিংহামে হারের ধাক্কা সামলে লর্ডসে জেতায় লিডসে খেলতে নামার আগে ইংলিশ টিমের আত্মবিশ্বাস তুঙ্গে। ক্রিকেটের আতুরঘরে জো রুটের শতরান করেছেন। অধিনায়ক মরগান ও আট নম্বরে খেলতে নামা ডেভিড উইলির অর্ধ শতরানের পর ইংলিশ টিমের ব্যাটিং গভীরতা নিয়ে কথা চলছে।

লর্ডসে ভারতীয় স্পিন জুটিকে ভালোই সামলেছেন ইংরেজরা। যদিও এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ভারতীয় স্পিনাররাই খেল দেখাচ্ছেন। যুবেন্দ্র চাহাল ইকোনমিকাল বোলিং করেছেন গত ম্যাচে। আর উল্টোদিকে কুলদীপ উইকেট তুলে নেওয়ার কাজ করছেন। এদিকে, ডেভিড মালানের পরিবর্তে জেমস ভিনস ইংলিশ স্কোয়াডে যোগ দিচ্ছেন সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচের জন্য। ভিনস ঘরোয়া ক্রিকেটে ইদানিং ভালো ফর্মে দেখিয়েছেন।

উল্টোদিকে, ভারতীয় ব্যাটিং চিন্তায় ফেলে দিয়েছে লর্ডস ম্যাচের পর। টিমের টপ অর্ডারের ব্যর্থতায় ভারতীয় লোয়ার-মিডল অর্ডার ভেঙে পড়ে। পোড় খাওয়া ব্যাটিং তারকা এমএস ধোনির ধীর গতির ইনিংস নিয়ে সমালোচনা করা হলেও, চার নম্বরে খেলতে নামো লোকেশ রাহুল ও লোয়ার অর্ডারে নামা হার্দিক পাণ্ডিয়া কোনওভাবেই দায় এড়াতে পারেন না।

১-১ ব্যবধানে সিরিজ দুই দিকে ঝুঁকে রয়েছে। হেডিংলিতে যে দল জিতবে তারাই সিরিজ নিয়ে যাবে। তাই ম্যাচটি দু‘দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। সফরকারী ভারত চাইবে ব্রিটিশ মুলুকে সিরিজ জিতে বিশ্বকাপের আগে নিজেদের কনফিডেন্স চাঙা করতে। কারণ ২০১৯ বিশ্বকাপের আগে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে এটাই কোহলির দলের শেষ ম্যাচ। ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে পারে সফরকারীরা।

ভারতের সম্ভাব্য একাদশ – রোহিত শর্মা, শিখর ধওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, সিদ্ধার্থ কাউল, উমেশ যাদব।