বর্ণবাদের অভিযোগ তুলে জার্মান ফুটবলকে বিদায় জানায় তুর্কি বংশোদ্ভূত মিডফিল্ডার মেসুত ওজিল।আর্সেনালের এই মিডফিল্ডারের দাবি, রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানি বিদায়ের জন্য তাকে দায়ী করা হচ্ছে এবং তিনি অনেক ঘৃণামূলক বার্তাসহ ই-মেইল এবং হুমকিও পেয়েছেন। অথচ এই ওজিলের হাত ধরেই ২০১৪ সালে বিশ্বকাপ জিতে জার্মানি। তবে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের অভিযোগ সরাসরি প্রত্যাখান করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
এক বিবৃতিতে জাতীয় দল থেকে ওজিল অবসর নেওয়ায় দুঃখ প্রকাশ করে ডিএফবি। একই সঙ্গে বর্ণবাদের দাবি অস্বীকার করে তারা।‘ডিএফবির বর্ণবাদে জড়িত থাকাটা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। বহু বছর ধরে জার্মানিতে জাতিগত ঐক্য তৈরিতে ডিএফবি কাজ করে আসছে।’
গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোগানের সঙ্গে ছবি তোলায় ওজিলের কড়া সমালোচনা করেছিল জার্মান মিডিয়া ও ডিএফবি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন স্বীকার করেছে যে ঐ পরিস্থিতি ভালোভাবে সামলানো সম্ভব হয়নি।
‘এটা দুঃখজনক যে মেসুত ওজিল উপলব্ধি করেছে যে বর্ণবাদী স্লোগানের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে সে যথেষ্ট সমর্থন পায়নি।’সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে ওজিল সুনির্দিষ্ট অভিযোগ করলেও তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।
