আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনটি দেশে ১২ দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা ছেড়েছেন।
প্রথমে জাপান সফরে তিনি ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন।
জাপান সফর শেষে ৩১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে যাবেন। সেখানে তিনি ওমরাহ পালন করবেন এবং ওআইসি সম্মেলনে যোগ দেবেন।
বিশ্বস্ত বিভিন্ন সুত্রের খবর, এরপর প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড হলো শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির শ্বশুর বাড়ি। দীর্ঘদিন ধরেই ববির স্ত্রী পেপি কিভিনিয়ামি সিদ্দিক অনুরোধ করছিলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার যেন সেখানে ঈদ করেন বা ছুটি কাটান। সেই আবদার পূরণের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ফিনল্যান্ড যেতে পারেন।
সেখানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও যোগ দিতে পারেন। সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও সেখানে যোগ দেওয়ার কথা।
সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে রয়েছেন। সেখান থেকে তার ফিনল্যান্ডে যাওয়ার কথা। সজীব ওয়াজেদ জয়েরও ফিনল্যান্ডে যাওয়ার কথা। সেখানেই তারা সবাই ঈদ করবেন বলে জানা গেছে।
