ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনার পারদ চড়লে নেট দুনিয়ায় যে নাম দুটি বেশি ঘুরে তারা হলো, শোয়েব আকতার ও হরভজন সিং। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩তম বারে দুদলের মুখোমুখি দেখায়ও তারা আলোচনায় রয়েছে বেশ ভালো ভাবেই।
বাবর-বিরাটদের খেলা নিয়ে একে অন্যর দল নিয়ে বাকযুদ্ধে মাতিয়ে রেখেছিল সোশ্যাল মিডিয়া। সেই ধারাবাহিকতায় ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং পাকিস্তানি পেসার শোয়েবকে বলেছিলেন, ম্যাচটা ছেড়ে দিতে। যাতে হার মেনে হতাশ না হতে হয়।
কিন্তু কাল বিশ্বকাপে অনন্য নজির গড়ল টিম পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের পর বাবর-রিজওয়ানের ব্যাটে দারুণভাবে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ভারতকে বৈশ্বিক কোনো আসরে প্রথমবার হারিয়ে মজেছেন পাকিস্তানি সমর্থকরা। পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর তাই খোঁচা দেওয়া হরভজনকে একহাত দেখে নিতেও ছাড়ছেন না শোয়েব আকতার।
ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর পাকিস্তানি সাবেক পেসার শোয়েব টুইটে হরভজন সিংকে ট্যাগ করে লেখেন, ‘কোথায় তুমি বন্ধু’।
‘পাকিস্তানের উচিত ভারতকে ওয়াকওভারে জিতিয়ে দেওয়া’, কদিন আগে শোয়েব আখতারকে এমনটাই বলে কটাক্ষ করেছিলেন হরভজন সিং। আরেক টুইটে এক ভিডিও বার্তায় শোয়েব সেই বিষয়টিও টেনে আনলেন, ‘ভাজ্জি, হরভজন সিং, ওয়াকওভার চাও তো? ওয়াকওভার চাও? কি আর করার। শান্ত থাকো।’
কদিন আগেও শোয়েবের টুইটে কটাক্ষ করে জবাব দেওয়া হরভজন এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। ভারতের এমন হার হয়ত তারও মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে শোয়েব-ভজনের রেষারেষি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সমর্থকরা।
