বন্ধু দিবসে ক্যানসার আক্রান্ত সোনালী বেন্দ্রের আবেগঘন পোস্ট

বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। ক্যানসার আক্রান্ত হয়ে বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে এই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দমে যাননি এ অভিনেত্রী।

রোববার বন্ধু দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন সোনালী বেন্দ্রে। সুজান খান, গায়ত্রী জোশি ওবেরয়ের সঙ্গে হৃতিক রোশানের তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। তার এই পোস্টে তিনি বন্ধুদের তার শক্তির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

ছবির ক্যাপশনে সোনালী বেন্দ্রে লিখেছেন, ‘এটি আমি। আর এই মুহূর্তে ভীষণ খুশি। এ অবস্থায় যখন এমন কথা বলি তখন সবাই আশ্চর্য হয়। এর কারণ এখন আমি প্রতিটি মুহূর্ত গুরুত্ব দিই এবং সেটি উপভোগ করার চেষ্টা করি। হ্যাঁ, একটা সময় ছিল যখন অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে এবং শক্তিও কম ছিল। কিন্তু আমি আমার পছন্দের কাজটিই করেছি, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়েছি এবং ভালোবাসা ও খুবই আনন্দ পেয়েছি। আমার বন্ধুদের কাছে খুবই কৃতজ্ঞ, তারা আমার শক্তির উৎস, অল্প সময়ের নোটিশে তারা আমার কাছে এসেছে এবং আমাকে সাহায্য করেছে। তাদের ব্যস্ততার মাঝেও আমাকে ফোন কল, মেসেজ দিয়েছে অথবা সামনাসামনি দেখা করেছে, বলতে গেলে কোনো সময়ই আমাকে একাকিত্ববোধ করতে দেয়নি। প্রকৃত বন্ধুত্ব কী তা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমার সৌভাগ্য জীবনে তোমাদেরকে পেয়েছি। একটি ছবি দিয়ে তোমাদের গুরুত্ব বোঝানো যাবে না। বি.দ্র. এখন আমার তৈরি হতে কম সময় লাগছে কারণ চুল আঁচরানোর ঝামেলা নেই।’

গত মাসের শুরুতে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান সোনালী বেন্দ্রে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছিলেন তিনি।

১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে আগ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনালী বেন্দ্রে। পরবর্তী সময়ে রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমায় দেখা গেছে তাকে।