বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলা

হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার ও পিবিআই চট্টগ্রামের এসপি নাজমুল হাসানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করেছেন পুলিশের সাবেক এসপি ও মিতু হত্যা মামলায় কারান্তরীণ বাবুল আক্তার। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড.বেগম জেবুননেছার আদালতে এ নালিশি মামলা করা হয়।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম জানান, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য তার ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ গ্রহণ করে আদালত শুনানির জন্য রেখেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- পিবিআই চট্টগ্রাম জেলার এসপি মো. নাজমুল হাসান, মেট্রো এসপি নাঈমা সুলতানা, খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সিএমপির ডিবি বন্দর জোনের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম ও পিবিআই চট্টগ্রাম জেলার ইন্সপেক্টর কাজী এনায়েত কবির।

মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত বলেন, বাবুল আক্তারের পক্ষে ৬ জনকে আসামি করে একটি পিটিশন দেওয়া হয়েছে। আদালত ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন।