বড্ড জেদ চেপেছে তামিমের

দ্বাদশ বিশ্বকাপ সিজন মোটেও ভালো কাটেনি তামিম ইকবালের। ৮ ইনিংসে ৭০ স্ট্রাইকরেটে রান তুলেছেন মাত্র ৩২৭। যে কারণে তাকে নিয়ে সমালোচনার ঝড় টাইগার ক্রিকেট পাড়ায়।

বিশ্বকাপে অপফর্ম, সমালোচকদের ধুয়োধ্বনীতে নিজেকে অনেকটা পর্দার আড়ালে রেখেছেন তামিম। বন্ধ রেখেছেন ফেসবুক-টুইটার। তবে ঠিকই থামিয়ে রাখেননি নিজেকে। কারণ, বড্ড জেদ চেপেছে তামিমের। দেশে ফেরার পর সবাই যখন ছুটিতে, তামিমকে তখন দেখা গেল কঠোর অনুশীলনে।

জানা গেছে, মঙ্গলবার মিরপুর শেরে বাংলার পাশে ইনডোরে একাই অনুশীলন করেন তামিম। বেশ ঘণ্টাখানেক ব্যাটিং করেন তিনি। বোলিং মেশিন থেকে ছুটে আসা একের পর এক বল ডিফেন্স করলেন, কাট করলেন, বড়সড় শট খেলার চেষ্টা করলেন। এ যেন নিজের ভুলগুলোকে পেছনে ফেলার শত প্রচেষ্টা।

সামনে শ্রীলঙ্কা সফর। আশা করা যায় সেখানে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মিশন তামিমের সামনে। যেভাবেই হোক, ভুলগুলো শুধরে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনুশীলনে মত্ত তামিম।