ফের সুযোগ মিস করলেন লিটন দাস!

শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমে ২৫ রান সংগ্রহ করে বিদায় নিয়েছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ব্যাট হাতে বড্ড বিবর্ণ লিটন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ডরাঙা পারফরম্যান্সের পর টানা সাত ওয়ানডেতে ২৫ ছুঁতে পারেননি।

অষ্টম ম্যাচে ২৫ রান করেই বিদায় নিয়েছেন তিনি। অথচ ওই ইনিংসে ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন তিনি। ৪২ বলে ২৫ রান সংগ্রহ করলেও দলের প্রয়োজনীয় সময়ে তিনি দেখেশুনে খেলেছেন। ১৩তম ওভারে সাজঘরে ফেরার আগে দুটি চারও হাঁকিয়েছিলেন তিনি।

দলীয় ১৫ রানে তামিম-সাকিবের বিদায়ের পর লিটন-মুশফিকের একটি বড় জুটি প্রত্যাশা করেছিল টাইগার শিবির। কিন্তু দলীয় ৫০ রান হওয়ার আগেই বিদায় নেন লিটন দাস। এর ফলে তার আগামী ম্যাচে চূড়ান্ত একাদশে জায়গা পেতে ব্যাপক বেগ পেতে হবে।

কারণ, এ ম্যাচের আগের সর্বশেষ পাঁচ ওয়ানডেতে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ড সফরে তিনটি ম্যাচের টি ২০ সিরিজে তার রান ছিল মাত্র ১০। ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্যতে আউট হওয়ার পর লিটনকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

তবে টিম ম্যানেজমেন্ট আজও একটা সুযোগ দিয়েছিল। এ সুযোগটাও তিনি ঠিকমতো কাজে লাগাতে পারেননি তিনি। তাই আগামী ম্যাচে তার কপাল পুড়তে পারে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।

প্রায় ১৪ বছরের দীর্ঘ পথচলায় ওপেনিংয়ে স্থায়ী কোনো সঙ্গী পাননি তামিম ইকবাল। আশা ছিল, লিটন দাস হয়তো রঙিন পোশাকে তামিমের যোগ্য সঙ্গী হতে পারবেন। অথচ ধারাবাহিক ব্যর্থতায় একাদশে তার জায়গা নিয়েই এখন টানাটানি। আজ দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েও যদি ব্যর্থ হন তাহলে টিম ম্যানেজমেন্ট বিকল্প চেষ্টা করবে।

সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ ১০ ইনিংসে ওপেন করেছেন তিনি। তবে বিসিবি সভাপতি মনে করছেন, লিটন পাঁচ-ছয় নম্বর পজিশনের ব্যাটসম্যান। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর নাজমুল হাসান বলেন, ‘লিটন সব সময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। আমার ধারণা, টি ২০তে সে ওপেন করতে পারে, কিন্তু এমনিতে পাঁচ-ছয় নম্বরে। এগুলো নিয়ে ওদের (টিম ম্যানেজমেন্ট) সঙ্গে বসতে হবে। বসে কথা বলতে হবে।’

শ্রীলংকার বিরুদ্ধে ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছিলেন ওপেনিংয়ে খেলতে নামা তামিম ইকবাল ও ওয়ানডাউনে খেলতে নামা সাকিব আল হাসান। দলীয় মাত্র ১৫ রানে এ দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিদায় নেন। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। প্রথম ওভারেই দলীয় ১৫ রান সংগ্রহ করে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম। এর মধ্যে তামিম একাই করেন ১৩ রান। আর দুই রান আসে অতিরিক্ত থেকে। তামিমের করা ৬ বলে ১৩ রানের মধ্যে ৩টিই ছিল নান্দনিক চার। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই চামারার বলে এলডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এরপর ওয়ানডাউনে খেলতে আসেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাট হাতে তিনি চরম ব্যর্থ হন। ৩ বল খেলে শূন্য হাতে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। এরপরই বাংলাদেশের ইনিংসের রানের চাকা থেমে যায়। প্রথম ওভারে ১৫ রান নেয়া বাংলাদেশ পরের ১৫ রান নিতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে!