শ্রীলঙ্কাকে জিতিয়েছেন বিশ্বকাপ, বাংলাদেশ ও পাকিস্তানকে কোচিং করানোর সময়েও ছিলেন বেশ সফল। সেই ডেভ হোয়াটমোর এখন কিনা কোনো জাতীয় দলের সঙ্গেই নেই!
শ্রীলঙ্কাকে ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ জেতান হোয়াটমোর এখন কোচিং করাচ্ছেন ভারতের রাজ্য দল কেরালাকে।
রঞ্জি ট্রফির দলটির সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায়ই তাকে শ্রীলঙ্কায় ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে পুরোপুরি সম্মতি প্রকাশ না করলেও হোয়াটমোর নাকি আগ্রহ প্রকাশ করেছেন।
শেষপর্যন্ত দুই পক্ষের কথা পাকা হয়ে গেলে আবারো জাতীয় দলের কোচ হিসেবে ফেরা হবে হোয়াটমোরের।
নিজের আগ্রহের কথা প্রকাশ করে হোয়াটমোর জানিয়েছেন, ‘কেরালা দলটির সাথে এটা আমার তৃতীয় ও শেষ বছরের চুক্তি চলছে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে কাজ করতে পারলে আমি খুশি হব।’
তবে চাইলেই কেরালা রাজ্য ক্রিকেট সংস্থাকে বিদায় বলতে পারবেন না হোয়াটমোর। চুক্তির নিয়ম অনুযায়ী, তাদের দায়িত্ব ছাড়ার অন্তত তিন মাস আগে পদত্যাগের ব্যাপারে অবহিত করতে হবে। শ্রীলঙ্কার অবশ্য কোচ নিয়োগে অতো তাড়াও নেই। হাই প্রোফাইল স্বদেশী কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলটিকে তেমন কোনো সফলতা এনে দিতে পারেননি। দীর্ঘমেয়াদী সাফল্যের খোঁজে থাকা দলটি হোয়াইটমোরের জন্য একটু অপেক্ষা করতেই পারে!
অস্ট্রেলিয়ান কোচ হোয়াটমোরের জন্ম শ্রীলঙ্কায়। তার স্ত্রী বসবাস করছেন অস্ট্রেলিয়াতেই। তবে তার নাকি শ্রীলঙ্কায় থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে দিমুথ করুনারত্নে-লাসিথ মালিঙ্গাদের কোচ হলে সপরিবারে সময় কাটানোর দারুণ এক সুযোগও পাবেন বাংলাদেশের ক্রিকেটে দারুণ অবদান রাখা এই বয়োজ্যেষ্ঠ কোচ।
