ছোট পর্দার প্রিয় দুটি মুখ আফরান নিশো ও তানজিন তিশা। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শক হৃদয়ে আসন গেঁথেছেন। ফের আগামী ঈদে টিভি পর্দায় এ জুটির দেখা মিলবে।
তুহিন হোসেনের নির্দেশনায় ‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’ শিরোনামের নাটকটিতে অভিনয় করলেন এ জুটি। নাটকটি রচনা করেছেন সারোয়ার রেজা জিমি।
পরশু ও গতকাল রাজধানীর উত্তরা, তিনশ’ ফুট এলাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে নিশো সোহান চরিত্রে এবং তানজিন তিশা নবনীতা চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের মূল গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, “দীর্ঘদিন প্রেম করলে প্রেমিক-প্রেমিকা দু’জনেরই ভালো মন্দ একসময় প্রকাশ হবেই। সেই ভালোটুকুকে গ্রহণ করে খারাপটুকুকে মেনে নিয়েই জীবনকে এগিয়ে নিতে হয়। এটাই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু।”
তুহিন হোসেন আরো জানান, ‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’ আসছে কোরবানির ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
