প্রেমের শেষ কোথায়

মেয়ের বিয়ে কোনো বিদেশির সঙ্গে হোক তা একসময় ভাবতেই পারেননি প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া। কিন্তু তার মেয়েই এখন এক বিদেশির প্রেমে হাবুডুবু খাচ্ছেন! প্রেমিক নিক জোনাস সম্পর্কে এখনো প্রকাশ্যে কিছু বলেননি প্রিয়াংকা। তবে তাদের ঘনিষ্ঠতা দেখে সব কিছুই আন্দাজ করা যাচ্ছে। এই প্রেমিকযুগল একসঙ্গে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, চুটিয়ে আড্ডা দিচ্ছেন আর একে অপরের আত্মীয়স্বজনের সঙ্গে পরিচিত হচ্ছেন। ক’দিন আগেই মা মধু চোপড়া ও পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিককে মুম্বাই নিয়ে আসেন প্রিয়াংকা। এর আগে নিউ জার্সির আটলান্টিক সিটিতে এক আত্মীয়ের বিয়েতে প্রিয়াংকাকে নিয়ে যান নিক। সেখানে পুরো জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন বলিউড অভিনেত্রী।

২০১৭ সালে মেট গালায় (নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিক অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের বার্ষিক আয়োজন) ১০ বছরের ছোট মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে পরিচয় প্রিয়াংকার। ওই অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তখন থেকেই তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।

রণবীর কাপুর-আলিয়া ভাট

দীপিকা ও ক্যাটরিনার পর ‘চকোলেট বয়’ রণবীর কাপুর এখন প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে। গত মে মাসে বলিউড তারকা সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া ও ক্যামেরার সামনে ঘনিষ্ঠভাবে পোজ দেওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সিনেপাড়ায় গুঞ্জন শুরু হয়। তবে দুজনের কেউই এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। যাকে বলে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারা। কিন্তু তাতে কী! রণবীর-আলিয়ার ‘প্রেম কাহিনি’ প্রমাণের জন্য পাপারাজ্জিরা যেন মরিয়া হয়ে উঠেছেন। সম্প্রতি গভীর রাতে আলিয়ার বাসায় যান রণবীর। অনেকের চোখকে ফাঁকি দিয়ে তিনি বাড়িতে ঢুকে যান।

কিন্তু তার গাড়ির পেছন পেছন যে সেখানে পাপারাজ্জিরাও পৌঁছে গেছেন, সেটা অনুমান করতে পারেননি ঋষিপুত্র। দূর থেকে রণবীর-আলিয়াকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ছবিতে দেখা যায়, আলিয়া আর তার বাবা মহেশ ভাটের সঙ্গে একান্তে আলাপ করছেন রণবীর। তারা প্রত্যেকেই একজন আরেকজনের কথা গভীর মনোযোগ দিয়ে শুনছেন। রণবীর আলাদাভাবে কথা বলছেন আলিয়ার সঙ্গেও।

এদিকে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে আলিয়ার দহরম-মহরম সেই গুঞ্জনে ডালপালা মেলেছে। ‘হবু শাশুড়ি’ নীতুর সঙ্গে তো একেবারে গলায় গলায় ভাব মহেশ ভাটকন্যার। দুজনের মধ্যে বলতে গেলে রোজই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে কিছু না কিছু বিনিময় হচ্ছে। আহ্লাদে ভরা কমেন্ট চালাচালি করছেন ‘হবু সাস-বহু’।

দীপিকা পাড়–কোন-রণবীর সিং

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা পাড়–কোন। মন খারাপের সে সময়টাতে আরেক রণবীরের (রণবীর সিং) কাছাকাছি আসেন তিনি। ‘রামলীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দুজনের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের ঘন ঘন দেখা যেতে থাকে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন ছড়ায় বলিউডে। সম্প্রতি রণবীর স্বীকার করেছেন, দীপিকা তার জীবনে বিশেষ স্থান দখল করে আছেন। এ প্রসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ তারকা বলেন, ‘আমার জীবনে বিশেষ স্থান দখল করে আছেন দীপিকা। আমার কাছে তার গুরুত্বটা অনেক বেশি। ব্যক্তি হিসেবে দীপিকা চমৎকার। তার অনন্য রূপ আর গুণে আমি মুগ্ধ ও বিস্মিত।’

গত ৬ জুলাই ৩৩ বছরে পা রেখেছেন বলিউডের দাপুটে অভিনেতা রণবীর সিং। অনেকের ধারণা, অবিবাহিত হিসেবে এটাই ছিল তার শেষ জন্মদিন। কারণ চলতি বছরের ১০ নভেম্বর ইতালিতে রণবীর-দীপিকার বিয়ের সানাই বাজতে চলেছে।