প্রেমীকার বিয়েতে তারাও…

ঈদ আয়োজনে সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে প্রতীক-প্রীতমকে তাঁদের গার্লফ্রেন্ডের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায়।

আর এতে গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী টয়া। আপাত দৃষ্টিতে গানটি বেশ মজার হলেও, প্রেমিকার বিয়েতে উপস্থিত থাকা কতটা কষ্টের সেটা প্রেমিকরাই উপলব্ধি করতে পারেন।

তবে এই কষ্ট হাসিমুখে মেনে নিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। কষ্ট ভুলে প্রেমিকার বিয়েতে স্বশরীরে উপস্থিত হয়েছেন তারা। দেখা যাক বলিউডের সেসব প্রেমিকদের-

দিনো মরিয়া
একসময় বলিউড তারকা দিনো মরিয়া ও বিপাশা বসুর প্রেম ছিল চর্চিত বিষয়। ১৯৯৬ সালে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৬ বছর প্রেম করার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের বন্ধুত্ব ভেঙে যায়নি। বিপাশা যখন করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, দিনো তখন হাসিমুখে বিয়েতে উপস্থিত থাকেন। বিয়ের কিছু ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন দিনো।

রণবীর কাপুর
রণবীর কাপুর ও সোনম কাপুরের মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন কম ওঠেনি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন রণবীর ও সোনম। আর সেখান থেকেই নাকি তাঁদের মধ্যে প্রেম গড়ে ওঠে। এরপর বানসালির ‘সাওয়ারিয়া’ ছবিতে কাজ করতে গিয়ে আরও ঘনিষ্ঠ হন দু’জন। তবে সে সম্পর্ক ভেঙে যেতেও সময় লাগেনি। চলতি বছরের মে মাসে যখন সোনম আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন‚ সেখানে উপস্থিত ছিলেন রণবীর। তবে বিয়েতে রণবীরের উঁকি দেওয়া কষ্ট চাপা দিয়েছিলেন সঙ্গে থাকা আলিয়া ভাট।

মিলিন্দ সোমান
এক সময় বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন মডেল ও অভিনেতা মিলিন্দ সোমান। তাঁদের মধ্যে একজন অভিনেত্রী দীপান্বিতা শর্মা। এই দু’জন ‘১৬ ডিসেম্বর’ শিরোনামে একটি ছবিও করেছেন। কিন্তু মিলিন্দের ‘প্লেবয়’ ইমেজের কারণে সরে আসে দীপান্বিতা। এরপর ২০০৮ সালে দীপান্বিতার বিয়েতে উপস্থিত হন মিলিন্দ। এমনকি চলতি বছর মিলিন্দের বিয়েতেও উপস্থিত ছিলেন দীপান্বিতা।

যুবরাজ সিং
ক্রিকেট তারকা হলেও বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন যুবরাজ সিং। এক সময় প্রেমও করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে। আরেক মডেল ও অভিনেত্রী সোফি চৌধুরীর জন্মদিনে যুবরাজ-নেহা হাত ধরাধরি করে গেলে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। সে সময় তাঁরা বিয়ে করবেন বলেও শোনা গিয়েছিল। এক সময় নেহাই নাকি প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তবে তাঁদের বন্ধুত্ব যে এখনো অটুট, নেহার বিয়েতে যুবরাজের উপস্থিতিই সেটা প্রমাণ করে।

রণবীর সিং
বলিউডে এখন দীপিকার সঙ্গে চুটিয়ে প্রেম করলেও, কলেজে পড়াকালীন সময়ে নাকি রণবীর সিং প্রথম প্রেমে পড়েন। আর তাঁর প্রেমিকা ছিলেন হেমা মালিনী ও ধর্মেন্দ্রর ছোট মেয়ে অহনা দেওল। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। তাঁদের কলেজ জীবন শেষ হওয়ার সঙ্গে প্রেমেরও ইতি ঘটে। প্রেমের সম্পর্ক শেষ হলেও, এখনো তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। ২০১৪ সালে অহনার বিয়েতে প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে বগলদাবা করে উপস্থিত হন রণবীর।