প্রিয়াঙ্কার স্পেশাল জন্মদিন

একে একে ৩৫টি বসন্ত পার করে ফেলেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ ১৮ জুলাই ৩৬ বছরে পা দিয়েছেন এ তারকা। ১৯৮২ সালের এই দিনে ভারতের জামশেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা।

অন্যান্যদের মতো প্রিয়াঙ্কার জন্মদিন ঘিরেও ভক্তদের কৌতূহলের শেষ নেই। গণমাধ্যমেও তাকে নিয়ে মুখরোচক খবর প্রকাশিত হচ্ছে। তবে প্রিয়াঙ্কার এবারের জন্মদিনটা একটু স্পেশালই। কারণ ৩৬তম জন্মদিনটা বিশেষ মানুষের সঙ্গে কাটাচ্ছেন এ অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে প্রেমিক নিক জোনাসের সঙ্গে নৈশভোজে গেলেন, এমনকি সমুদ্রের পাড়ে পার্টিও করেছেন।

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন নিক-প্রিয়াঙ্কা। সেখানেই গতকাল মধ্যরাতে মার্কিন গায়কের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে তাকে। নিক-প্রিয়াঙ্কা ছাড়াও এসময় তাদের সঙ্গে ছিলেন নিকের ভাই কেভিন জোনাস, জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নার। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, শুরু হয়ে গেছে।’

উল্লেখ্য, গত জুন মাসে প্রিয়াঙ্কার সঙ্গে বেড়াতে ভারতে আসেন নিক জোনাস। একটি বাগদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি গোয়ায় ঘুরেছেন দু’জনে। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া আর কাজিন পরিণীতি চোপড়ার সঙ্গেও পরিচিত হয়েছেন নিক। ভারত থেকে নিক জোনাসের সঙ্গে ব্রাজিলে যান প্রিয়াঙ্কা। সেখানে ভিলাম্যাক্স উৎসবে সংগীত পরিবেশন করেন নিক। ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারের সম্মতিতে শিগগিরই তাদের বাগদান হয়ে যেতে পারে।

২০১৭ সালে মেট গালায় ২৫ বছর বয়সী আমেরিকান সংগীতশিল্পী-অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। ওই অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। এরপর তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।

এদিকে হলিউড ব্যস্ততা কাটিয়ে প্রায় দুই বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে।