প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে আমি উত্তেজিত: কঙ্গনা

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা থামছেই না। এবার বন্ধু প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। বলিউড কুইন বলেন, প্রিয়াঙ্কার সাথে কথা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। এতে প্রিয়াঙ্কাও খুব খুশি।

ভগ ম্যাগাজিনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই প্রিয়াঙ্কাকে নিয়ে কঙ্গনার কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। কঙ্গনা বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে বুঝলাম ও দারুণ খুশি। ওর বিয়ে হলে আমি দারুণ উপভোগ করব। প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু। বিয়ে নিয়ে আমি এখন থেকেই উত্তেজিত।

তাহলে কবে বিয়ে করছেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস? কঙ্গনার মতে, সেটা এখনও প্রিয়াঙ্কা খোলসা করেননি। এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার বাগদান প্রসঙ্গে কঙ্গনা বলেন, যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে তিনি দুঃখ পেয়েছেন, কারণ প্রিয়াঙ্কা তাকে ডাকেননি।

প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল অক্টোবর মাসে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা। তারপরে শোনা গিয়েছিল, একমাস এগিয়ে সেপ্টেম্বরে নিক জোনাসকে বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এরপর শোনা যায়, প্রিয়াঙ্কার জন্মদিনে যেহেতু এনগেজমেন্ট হয়েছে, নিকের জন্মদিনের দিন হবে বিয়ের অনুষ্ঠান।