প্রাপ্তির জুড়িতে নতুন রেকর্ড

‘দীর্ঘদিন ধরে দেশীয় চলচ্চিত্র জুটির খরায় ভুগছে। নতুন কোনো জুটি গড়ে উঠছে না। কোথায় যেন আটকে আছে। আর এই জুটি খরা কাটানোই আমাদের লক্ষ্য। নতুন কাউকে বেছে না নিলে নতুন জুটি হবে কিভাবে! তাই সিয়াম ও পূজার মতো নবাগতদের বেছে নিয়েছি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পোড়ামন ২’ -এর পরিচালক রায়হান রাফির ভাষ্য এটি।

এই (জুটি) খরা কাটানোর যে চ্যালেঞ্জ পরিচালক রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিয়েছে, সেটা অনেকটাই সফল। হাইপ্রোফাইল তারকাদের না নিয়ে নতুনদের নিয়ে ধরা বাজিতে রেসের ঘোড়া এখন রায়হান রাফি ও প্রযোজক আব্দুল আজিজ।

কারণ ‘পোড়ামন ২’ দেশীয় চলচ্চিত্রে এক অনন্য রেকর্ড গড়ার পাশাপাশি দিচ্ছে ভবিষ্যতে সিয়াম-পূজার দীর্ঘস্থায়ী জুটি গড়ার ইঙ্গিত।

 

ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে সিনেমাহলে সবচেয়ে বেশিদিন ধরে চলা ছবি এখন ‘পোড়ামন ২’। ঈদুল ফিতরে মুক্তি পেয়ে ছবিটি টানা ১১ সপ্তাহ ধরে চলছে। যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছে অত্যাধুনিক সিনেমাহল ‘স্টার সিনেপ্লেক্স’ কর্মকর্তারা।

এর আগে ‘আয়নাবাজি’ ও ‘ঢাকা অ্যাটাক’ টানা ২৪ সপ্তাহ ও ১১ সপ্তাহ চললেও ছবিগুলো ঈদে মুক্তি পায়নি। ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে সিনেমাহলে সবচেয়ে বেশিদিন ধরে চলা ছবির রেকর্ড এখন ‘পোড়ামন ২’ ছবির দখলে।

চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ছবি ‘পোড়ামন ২’। মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে কম্পন তোলে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি ছবিটি তুলে নিচ্ছে কাড়ি কাড়ি অর্থ।